বই নয়, মানুষ ধার করা যাবে যে পাঠাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দিল্লিতে আগামী রোববার থেকে চালু হবে হিউম্যান লাইব্রেরি বা মানব পাঠাগার। এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মানুষরূপী বই পাওয়া যাবে। ছবিটি ফেসবুক থেকে নেওয়া।
ভারতের দিল্লিতে আগামী রোববার থেকে চালু হবে হিউম্যান লাইব্রেরি বা মানব পাঠাগার। এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মানুষরূপী বই পাওয়া যাবে। ছবিটি ফেসবুক থেকে নেওয়া।

লাইব্রেরিতে সবাই বই খুঁজতে যায়। তবে এই লাইব্রেরিতে জ্ঞান আসবে বইয়ের পাতা থেকে নয়, মানুষের মুখ থেকে। অচিরেই ভারতের দিল্লিতে এই মানুষের লাইব্রেরি বা হিউম্যান লাইব্রেরি চালু হতে চলেছে। মোট ২০ মিনিটের জন্য একেকজন মানুষরূপী বই ধার নেওয়া যাবে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মানুষরূপী বইয়ের কাছে ইচ্ছেমতো প্রশ্ন রাখা যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো প্রশ্ন করা যায় আর কি!

অবশ্য মানুষের লাইব্রেরির ধারণাটি এবারই নতুন নয়। ২০০০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে রোনি অ্যাবেগেইল নামের এক ব্যক্তি প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল সামাজিক পরিবর্তন আনা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে সংলাপ চালু করা। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৮০টি দেশে মানুষের লাইব্রেরি সম্প্রসারিত হয়েছে।

ভারতে প্রথম হায়দরাবাদে লাইব্রেরিটি প্রতিষ্ঠা হয়েছিল। পরে মুম্বাইয়ে স্থাপিত হয় এটি। এখন রাজধানী শহরে শুরু হয়েছে এ উদ্যোগ। দিল্লি চ্যাপ্টারের কর্মকর্তা নেহা সিং বলেন, প্রথমে ১১টি শ্রেণিতে মানুষরূপী বই পাওয়া যাবে।

এ কাজের জন্য নির্দিষ্ট বিষয়ে জ্ঞানের গভীরতা আছে এমন মানুষদের বাছাই করা হয়। নেহা সিং বলেন, প্রথম বৈঠকে পাঁচ থেকে ছয় শ অনুরাগী আসবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন বইয়ের ওপর মাসে অন্তত একবার বৈঠক আয়োজন করতে চান তাঁরা।

আগামী রোববার দিল্লিতে চালু হবে এই হিউম্যান লাইব্রেরি। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মানুষরূপী বই বরাদ্দ করা যাবে।