
ভারতের হরিয়ানা রাজ্যে ঘরে আগুন দিয়ে দলিত সম্প্রদায়ের দুই শিশুকে হত্যার ঘটনায় বিতর্কিত মন্তব্য করা কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংকে গতকাল শুক্রবার কঠোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘বক্তব্য দেওয়ার সময় মন্ত্রীদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বক্তব্য বিকৃত বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে—এটা বলে আমরা পার পেয়ে যেতে পারি না।’ খবর এনডিটিভির।
হরিয়ানার ঘটনা বিষয়ে গত বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান ভি কে সিং নিম্নবর্ণের শিশু দুটিকে দৃশ্যত কুকুরের সঙ্গে তুলনা করেন। সরকার এ ঘটনায় কোনো দায় বহন করে না বলে দাবি করে ভি কে সিং বলেন, ‘কেউ যদি কুকুরকে পাথর ছুড়ে মারে সরকার তার জন্য দায়ী নয়।’ তাঁর এই মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
গত সোমবার দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদে দলিত সম্প্রদায়ের একটি বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে দুই বছরের এক ছেলেশিশু ও তার ১১ বছরের বোন মারা যায়। উচ্চবর্ণের লোকজন ওই বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার জেরে বিতর্কিত ওই মন্তব্য করেন ভি কে সিং। তবে পরে এক টুইট বার্তায় বলেন, ‘তিনি তাঁর মন্তব্যে কোনো সাদৃশ্য বোঝাতে চাননি।’
তবে ভি কে সিংয়ের টুইট বার্তা দৃশ্যত ক্ষতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।