বঙ্গোপসাগরে নিখোঁজ ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বেঙ্গালুরুর বিমানঘাঁটিতে কয়েকটি এএন-৩২ উড়োজাহাজ l ফাইল ছবি: এএফপি
ভারতের বেঙ্গালুরুর বিমানঘাঁটিতে কয়েকটি এএন-৩২ উড়োজাহাজ l ফাইল ছবি: এএফপি

২৯ আরোহী নিয়ে ভারতের বিমানবাহিনীর (আইএএফ) একটি সামরিক উড়োজাহাজ গতকাল শুক্রবার বঙ্গোপসাগরে নিখোঁজ হয়েছে। ভারতীয় বিমানবাহিনী, নৌবাহিনী এবং উপকূলরক্ষীরা এএন-৩২ মডেলের উড়োজাহাজটির খোঁজে ব্যাপক অনুসন্ধান চালান।

 চেন্নাইয়ের কাছের তাম্বারাম বিমানঘাঁটি থেকে গতকাল সকাল আটটার কিছু পর উড়ে যায় উড়োজাহাজটি। বেলা ১১টা ২০ মিনিটের দিকে এর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ওড়ার ১৫ মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর আরোহীদের মধ্যে বিমানবাহিনীর ১১, সেনাবাহিনীর ২ এবং নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর একজন করে সদস্য ছিলেন। এ ছাড়া ছিলেন ছয়জন ক্রু সদস্য এবং আটজন পরিবারের সদস্য বা অন্য বেসামরিক লোক।

গতকাল বিকেলে নৌবাহিনীর মুখপাত্র ডি কে শর্মা বলেন, ‘বিমানটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক আগেই এর অবতরণের কথা ছিল।’

বিমানটি থেকে শেষ বার্তা আসে এর উড্ডয়নের প্রায় ১৬ মিনিট পর। পাইলট তখন বলেন, সব ঠিক আছে।

একজন কর্মকর্তা বলেছেন, বিমানটি আকস্মিকভাবে ২৩ হাজার ফুট উচ্চতা থেকে অনেকটা নেমে গিয়ে থাকতে পারে।

ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগরে উড়োজাহাজটির খোঁজে অনুসন্ধানী বিমান পাঠায়। চারটি জাহাজ, একটি ডুবোজাহাজ এবং পর্যবেক্ষণকারী ছোট বিমানও ওই অঞ্চলে তল্লাশি শুরু করে। নিখোঁজ বিমানটি মালাক্কা প্রণালির কাছের কৌশলগত দ্বীপগুলোতে সশস্ত্রবাহিনীর সদস্যদের পরিবহন করত। সে অঞ্চলে ভারতের একটি সামরিক ঘাঁটি আছে।