বছরে শতাধিক সেনার আত্মহত্যা ভারতে
প্রতিবছর ভারতের সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য আত্মহত্যা করেন। সেনাদের মানসিক চাপ কমাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রাখা সত্ত্বেও সশস্ত্র বাহিনীগুলোর সদস্য হারানো অব্যাহত রয়েছে। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২০১৬ সালে ১২৫ জন সেনাসদস্য আত্মহত্যা করেন। গতকাল শুক্রবার লোকসভায় এক প্রশ্নের জবাবে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে বলেন, গত বছর ১০১ জন সেনাসদস্য, বিমানবাহিনীর ১৯ জন সদস্য ও নৌবাহনীর পাঁচজন নাবিক আত্মহত্যা করেন। এ ছাড়া একে অন্যকে হত্যার ঘটনা ঘটেছে তিনটি। এ ঘটনায় ওই তিন বাহিনীর তিনজন নিহত হন।
চলতি বছর এরই মধ্যে সেনাবাহিনীর ১৩ জন জওয়ান আত্মহত্যা করেছেন। এর বাইরে দুটি ঘটনা ঘটেছে বিমানবাহিনীতে।
এর আগে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দুর্গম এলাকায় বদলি হওয়া সেনাদের প্রায়ই প্রচণ্ড মানসিক চাপ ভোগ করতে হয়। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ দমনে দীর্ঘ মেয়াদে সেনা নিয়োগ করা হয়। এতে সেনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। এর মধ্যে যুক্ত হয়েছে কম বেতন, মৌলিক সুযোগ-সুবিধার অভাব, ছুটির অভাব ও অযোগ্য কর্মকর্তার নেতৃত্ব।
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন এবং ভালো সুযোগ-সুবিধার মাধ্যমে সেনাদের জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়ন, পরিবারের জন্য অতিরিক্ত বাসস্থানের ব্যবস্থা, ছুটি দেওয়ার নীতিতে উদারতা বাড়ানো, অসন্তোষ নিরসনের কৌশল বাস্তবায়ন এবং ইউনিটের রুটিনের অংশ হিসেবে যোগ ব্যায়ামের প্রচলন।
এক কর্মকর্তা বলেন, জওয়ানদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো রেখে আসা পরিবারের সমস্যা। মুঠোফোনের মাধ্যমে তাঁরা প্রতিনিয়ত পরিবারের খবর জানতে পারেন। এতে তাঁদের মানসিক চাপ বেড়ে যায়।