বড় পরিসরে যাচ্ছে আম আদমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লি বিধানসভায় ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি) জাতীয় নির্বাচনে এবং অন্যান্য রাজ্যেও প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের জাতীয় কাউন্সিলের সভার আগে এ সিদ্ধান্ত হলো। ওই সভায় দলটির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ নানা বিরোধের নিষ্পত্তি হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। খবর এনডিটিভির।
এএপির রাজনৈতিক সম্প্রসারণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্য যোগেন্দ্র যাদব। বিষয়টি দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর মতপার্থক্যের একটি বড় কারণ ছিল। একপর্যায়ে যাদব এবং আরেক জ্যেষ্ঠ নেতা প্রশান্ত ভূষণকে দলটির গুরুত্বপূর্ণ রাজনীতিবিষয়ক কমিটি বা পিএসি থেকে বাদ দেওয়া হয়। কেজরিওয়াল গত মঙ্গলবার রাতে ওই কমিটির সঙ্গে বৈঠক করেন এবং জাতীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেন। এএপির রাজনীতিক সঞ্জয় সিং টুইটারে লিখেছেন, ‘এএপি সম্প্রসারিত হবে, দলীয় সহকর্মীরা বিভিন্ন রাজ্যের দায়িত্ব পাবেন, স্বেচ্ছাসেবকেরা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।’
যোগেন্দ্র যাদব এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইটারে লিখেছেন, এটি সঠিক পদক্ষেপ। আর সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্তির বিষয়টি দলের অভ্যন্তরে স্বাধীনতার স্বীকৃতি হিসেবে কাজ করবে। যাদব বলেন, তিনি এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা জানার অপেক্ষায় রয়েছেন।
দলীয় সূত্রগুলো জানায়, এএপির কেজরিওয়ালপন্থী নেতা-কর্মীরা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলে ভোটাভুটি হলে তাতে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চান। এ ছাড়া দলটি বিভিন্ন রাজ্যে স্বেচ্ছাসেবীদের কাছে স্পষ্ট করে এ বার্তা দিতে চায় যে সাংগঠনিক শক্তি ভালো হলে অন্যান্য রাজ্যেও নির্বাচন করতে দলীয় প্রধানের আপত্তি নেই।
এএপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, স্বেচ্ছাসেবীদের একটি বড় অংশ যাদবের সমর্থক। জাতীয় কাউন্সিলে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, কেজরিওয়ালপন্থীদের পক্ষেও সমর্থন প্রয়োজন হবে। কাউন্সিলের অধিকাংশ সদস্যই ভিন্ন ভিন্ন রাজ্যের।
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেঙ্গালুরুর একটি প্রাকৃতিক চিকিৎসাকেন্দ্রে ১০ দিন কাটিয়ে চলতি সপ্তাহেই কর্মস্থলে ফিরেছেন। ফেরার পর পরই দলীয় জ্যেষ্ঠ নেতাদের একটি দলকে যাদবের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা করতে পাঠিয়েছিলেন তিনি।