বদলে যাওয়া মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, মস্কো সফর শেষে কাবুল হয়েই নয়াদিল্লি ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু গত শুক্রবার বড়দিনে আচমকা তাঁর বিমান নামল পাকিস্তানের লাহোরে। কোনো আনুষ্ঠানিক পূর্বঘোষণা ছিল না। ‘নাম প্রকাশ না করার শর্তে’ অনেক সময় কর্মকর্তারা গণমাধ্যমকে আগেভাগে এ ধরনের খবর জানিয়ে দেন। এ ক্ষেত্রে তা-ও হয়নি। তাই কাকপক্ষীটি ঘুণাক্ষরেও টের পায়নি।
এই অভাবিত সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াকে বড়দিনের শান্তিসূচক এক বিরল উপহার দিলেন একসময়ের কথিত পাকিস্তানবিদ্বেষী নরেন্দ্র মোদি।
মোদি বিমান থেকে লালগালিচায় নামার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এগিয়ে গিয়ে তাঁকে স্বাগত জানান। প্রথমে করমর্দন, পরে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করেন দুজন। গাড়িতে ওঠার আগ পর্যন্ত শক্ত করে দুজনের হাত ধরা ছিল। একটি সংবাদমাধ্যম এই দৃশ্যকে ‘বিস্ময়ে হাঁ করিয়ে’ দেওয়ার মতো ঘটনা বলে অভিহিত করেছে।
এদিন দুই নেতার পোশাকেও ছিল দারুণ মিল। দুজনের পরনেই ছিল পায়জামা, পাঞ্জাবি ও কটি। উভয়ের মুখেই ছিল হাসির ঝিলিক। এই আনন্দময় মুহূর্তটি উপহার দেওয়ার কৃতিত্বের বেশির ভাগটাই মোদির বলে মনে করা হচ্ছে। অথচ কিনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির পুরো রাজনৈতিক জীবনই গড়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার মধ্য দিয়ে। ২০০৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় তখনকার কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সরকারকে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা করার জন্য তীব্র ভাষায় ভর্ৎসনা করেছিলেন মোদি।
চরম কট্টর অবস্থান থেকে সেই মোদি যে কতটা সরে এসেছেন, তা ২০১১ সালে সাংবাদিক রজত শর্মাকে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও দেখলেও আন্দাজ করা যাবে। ওই সাক্ষাৎকারে মোদি পাকিস্তানকে একটি ‘শত্রু রাষ্ট্র’ ও পাকিস্তানি জাতিকে ‘চতুর মিথ্যুক’ বলে আখ্যায়িত করেছিলেন।
মুম্বাইতে ২৬/১১ সন্ত্রাসী হামলার পর মোদি বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে শক্তি দিয়েই এর জবাব দিতেন। ওই সময় তিনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে উদ্দেশ করে বলেছিলেন, ‘পড়শি আপনাদের গুঁতো মারছে; জবাবে আপনারা যাচ্ছেন যুক্তরাষ্ট্রে! এর বদলে কেন পাকিস্তানে যাচ্ছেন না? ঢিলের জবাব পাটকেল দিয়েই দিতে হবে। পাকিস্তানের কাছে প্রেমপত্র লেখা বন্ধ করুন।’
সেই অবস্থান থেকে পুরো উল্টো দিকে মোড় নিয়ে মোদি যে অবস্থানে এসে দাঁড়িয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কারণ, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত দুই দেশের মধ্যে যে কয়বার রক্তক্ষয়ী লড়াই হয়েছে, তাতে এই দুই দেশের মধ্যে শান্তি আলোচনা যেন একটা খামখেয়ালি ভাবনা হয়ে দাঁড়িয়েছে।
মোদির এই অভূতপূর্ব সফর শান্তি ও সংলাপ এগিয়ে নেওয়ার বিষয়ে প্রতীকীভাবে বিরাট ভূমিকা রাখবে সন্দেহ নেই। তবে কার্যকরভাবেও তিনি অবদান রাখবেন বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের সঙ্গে আলোচনা বাতিলের সিদ্ধান্ত থেকে মোদির সরকার ৯ ডিসেম্বর শুধু সরেই আসেনি, বরং শান্তি ইস্যুতে মনমোহন সরকার থেকে মোদি আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসেই বিজেপির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফর করেন। এতেই পরিষ্কার হয়েছে, মোদির এই বিজেপি এখন আর সেই বিজেপি নেই। মোদির বিজেপি পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। চায় বুকে টানতে।