বন্ধুর জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু পূজা ভাত নাগারকে (ডান থেকে দ্বিতীয়) নিজের কিডনির একাংশ উপহার দিলেন আরেক বন্ধু প্রসন্ন গোপীনাথ (ডান থেকে প্রথম) l টাইমস অব ইন্ডিয়া
বন্ধু পূজা ভাত নাগারকে (ডান থেকে দ্বিতীয়) নিজের কিডনির একাংশ উপহার দিলেন আরেক বন্ধু প্রসন্ন গোপীনাথ (ডান থেকে প্রথম) l টাইমস অব ইন্ডিয়া

বন্ধু পূজা ভাটনগরের (৪৪) জন্য বিরল এক উপহার দিলেন আরেক বন্ধু প্রসন্ন গোপীনাথ (৩৪)। যকৃতের দীর্ঘমেয়াদি অসুখে ১৭ বছর ধরে ভুগছিলেন পূজা। এ বছর মে মাসে চিকিৎসকেরা তাঁকে জানিয়ে দেন, ওষুধে আর কাজ হবে না। যকৃৎ প্রতিস্থাপন করতে হবে।

প্রতিস্থাপন আইন অনুযায়ী, রক্তের সম্পর্ক ছাড়া কারও দেহে যকৃৎ প্রতিস্থাপন করা যায় না। তাই পরিবারের লোকজন এমন কোনো আত্মীয়কে খুঁজতে লাগলেন, যার সঙ্গে পূজার যকৃৎ মিলে যায়। কিন্তু কারও সঙ্গেই মিলছিল না। তাই পূজা একসময় তাঁর ফেসবুকে শেয়ার করেন। বিষয়টি প্রসন্ন গোপীনাথের নজরে আসে। দেরি না করে তিনি চেন্নাই থেকে উড়ে আসেন দিল্লির সাকেটে ম্যাক্স হাসপাতালে। চিকিৎসকদের তিনি বলেন, পূজার জীবন বাঁচাতে তিনি তাঁর যকৃতের একটি অংশ দান করতে চান। একদিকে বহু খোঁজাখুঁজির পরও কোনো আত্মীয়ের সঙ্গে পূজার যকৃতের মিল না হওয়া, অন্যদিকে এক বন্ধুর জন্য আরেক বন্ধুর আত্মত্যাগের মানসিকতা—এ দুটো মিলে চিকিৎসকেরা এক কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার কাছে পরাজিত হন তাঁরা। সিদ্ধান্ত নেন এই অনাত্মীয় অথচ পরম বন্ধুর যকৃতের একটি অংশ প্রতিস্থাপন করা হবে পূজার দেহে। অবশেষে গত ২১ জুলাই প্রতিস্থাপন-প্রক্রিয়া সম্পন্ন হয়। হাসপাতালের যকৃৎ প্রতিস্থাপন বিভাগের প্রধান ড. সুভাষ গুপ্ত জানান, অস্ত্রোপচারের পর দুজনই সুস্থ আছেন। পূজা কোনো দিন ভাবতেও পারেননি, বন্ধুত্বই তাঁর জীবন বাঁচাবে।

২০০৭ সালে বন্ধুত্ব শুরুর কথা স্মরণ করে প্রসন্ন গোপীনাথ বলেন, তিনি পূজা ভাটনগর আর তাঁর স্বামীর সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন। তিনি তখন ওয়েলসের ইউনিভার্সিটি অব গ্লামোর্গানে পড়তেন। তখন পূজার সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়-জীবন শেষ করে ২০০৯ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং চাকরি নিয়ে চেন্নাইয়ে চলে যান। আর পূজা ফিরে আসেন ভারতের গুরগাঁওয়ে। তাঁদের মধ্যে দেখা-সাক্ষাৎ না হলেও যোগাযোগটা ছিল। সেই যোগাযোগই সৃষ্টি করল বন্ধুত্বের অনন্য নজির।