বন্য প্রাণীবিষয়ক অপরাধ রোখার প্রয়াসে যুক্ত হলো ভারত

সীমান্ত পারের বন্য প্রাণী-সংক্রান্ত অপরাধ রুখতে ভারত দক্ষিণ এশিয়া বন্য প্রাণী এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (এসএডব্লিউইএন) নথি অনুমোদন করল। গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর সঙ্গে ভারত এই সংস্থার সদস্যপদও গ্রহণ করল।
দক্ষিণ এশিয়ার আট দেশ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা এই এসএডব্লিউইএন সংস্থার সদস্য। ভারত মনে করছে, বন্য প্রাণী-সংক্রান্ত যাবতীয় অপরাধ রোখা, পাচার এবং বিচার করা এর ফলে সহজ হবে। বাংলাদেশসহ অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
নথি অনুমোদনের ফলে সদস্যদেশগুলো এই অপরাধের মোকাবিলায় নিজেদের আইনের এমন ধরনের পরিবর্তন ঘটাবে, যাতে সদস্যদেশগুলোর মধ্যে অপরাধীদের বিচার সহজতর হয়। এক অপরাধী অন্য দেশের আইনের ফাঁকের সুযোগ না নিতে পারে। বন্য প্রাণী সংরক্ষণের আওতায় জীববৈচিত্র্যও রক্ষা করা হবে। সেই সঙ্গে চোরা শিকারিদের অস্তিত্ব, তাদের কাজের ধরন, আন্তর্দেশীয় চক্র, বাজার—এসবেরও হদিস মিলবে। আট সদস্যদেশের এক জোট হওয়ার উদ্দেশ্য একটাই, দক্ষিণ এশিয়ার জীববৈচিত্র্য, বন্য প্রাণ ও বন্য প্রাণী রক্ষা করা এবং অপরাধপ্রবণতা রোখা। এ জন্য সদস্যদেশগুলো নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদান করবে, উপযুক্ত প্রশিক্ষণ দেবে এবং গবেষণার পরিধি বাড়াবে। বন্য প্রাণ ও বন্য প্রাণী-সংক্রান্ত সব ধরনের অপরাধের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া স্বর্গরাজ্য।