বরখাস্ত মন্ত্রী সন্দীপ গ্রেপ্তার
যৌন কেলেঙ্কারির অভিযোগে ভারতের দিল্লির রাজ্য সরকারের বরখাস্ত হওয়া মন্ত্রী সন্দীপ কুমারকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে—এমন একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর গত সপ্তাহে সন্দীপকে নারী ও শিশুকল্যাণমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর আম আদমি পার্টি (এএপি) থেকেও বহিষ্কৃত হন তিনি।
ভিডিওচিত্রে থাকা এক নারী গতকাল থানায় গিয়ে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর করেন। এরপরই সন্দীপকে গ্রেপ্তার করা হয়।
ওই নারীর অভিযোগ, তিনি মন্ত্রীর (সন্দীপ) কাছে একটি রেশন কার্ডের জন্য গিয়েছিলেন। সেখানে ফাঁদে পড়েন তিনি।
নারীর দাবি, তাঁকে একটি স্থানে নিয়ে যান সন্দীপ। তাঁকে পানীয় পান করতে দেন। এতে নেশাজাতীয় পদার্থ মেশানো ছিল। এরপর তাঁকে ধর্ষণ করেন সন্দীপ। এই ঘটনার জন্য সন্দীপের শাস্তি দাবি করেছেন ওই নারী।
সন্দীপের দাবি, তিনি দলিত সম্প্রদায়ের লোক হওয়ায় তাঁকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। ভিডিওতে যে লোকটিকে দেখা গেছে, তিনি সে লোক নন। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিরোধীরা এই ভিডিও বানিয়ে বাজারে ছেড়েছে। এ ঘটনার একটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।