বর্ধমান এখন আতঙ্কের শহর

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়া এলাকায় একটি আস্তানায় (দোতলা ভবনে) বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যু ও পরে জঙ্গিদের আরও দুটি আস্তানা খুঁজে পাওয়ার ঘটনায় গোটা বর্ধমান শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২ অক্টোবর দুপুর ১২টার দিকে ওই ভবনে বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশের দাবি অনুযায়ী, তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
নিহত দুজন হলেন শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল। বিস্ফোরণে আহত হন আবদুল হাকিম নামের স্থানীয় আরেক ব্যক্তি। ঘটনার পর বাড়িটি থেকে গ্রেপ্তার করা হয় শাকিলের স্ত্রী রাজিয়া ও হাকিমের স্ত্রী আলিমাকে। জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবি সদস্য বলে স্বীকার করেছেন বলে পশ্চিমবঙ্গ পুলিশ জানায়।
রাজ্য পুলিশের ভাষ্য, রাজিয়াকে জেরা করার সূত্র ধরে বিস্ফোরণস্থলের কাছে গত বুধবার জঙ্গিদের একটি অস্ত্র তৈরির কারখানা ও দুটি আস্তানার সন্ধান পাওয়া গেছে। এগুলোর একটি বাবুরবাগ ও অন্যটি বাদশাহী রোডে। এসব আস্তানায়ও আনাগোনা ছিল জঙ্গিদের। জঙ্গিরা আস্তানাগুলো থেকে পালানোর সময় সব কাগজপত্র পুড়িয়ে ফেলে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াগড়ায় বোমা বিস্ফোরিত হওয়া ভবনটির সামনে গিয়ে দেখা যায়, দুজন পুলিশ সদস্য দরজায় পাহারা দিচ্ছেন। বাড়িটি তৃণমূল কংগ্রেসের স্থানীয় পর্যায়ের নেতা মালিক হাসান চৌধুরীর। বাড়ির নিচতলায় একটি ওষুধের দোকান। পাশে আরেকটি কক্ষে ছিল তৃণমূলের নির্বাচনী অফিস। এই বাড়িতেই থাকতেন শাকিলসহ চারজন। দুই নারী রাজিয়া ও আলিমা বের হতেন না কখনো। দোতলার জানালাগুলোও থাকত বন্ধ। বাড়ির নিচে ছোট্ট একটি দোকান রয়েছে। দোকানের মালিক শমসের আলম বলেছেন, ‘আমরা এখনো ভাবতে পারছি না এই ভবনের দোতলায় অস্ত্র তৈরি হতো। আমরা জানতাম এখানকার ভাড়াটেদের মুর্শিদাবাদে একটি বোরকার দোকান আছে। সেই দোকানে বিক্রির জন্য এখানে বোরকা তৈরি করা হতো।’ সর্বভারতীয় মানবাধিকার সংস্থার স্থানীয় আধিকারিক কাজী মহম্মদ রফিক বলেন, বর্ধমানবাসীর কাছে এই ঘটনা আতঙ্কের ছায়া ফেলেছে। বর্ধমানবাসী ভাবতেই পারছে না এভাবে জঙ্গিরা স্থানীয় জঙ্গিদের নিয়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে ফেলবে? ঘাঁটি গাড়বে।
এদিকে জানা যায়, বাবুরবাগের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগে সেখানের সব কাগজপত্র এবং তথ্য-প্রমাণ পুড়িয়ে দিয়ে যায় জঙ্গিরা। এলাকার এক যুবক শেখ সুমনও বললেন সেই কথাই।
এই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের বাবুরবাগে ছিল জঙ্গিদের আরেকটি আস্তানা। এখানের মূল পান্ডা ছিলেন বাংলাদেশের জঙ্গি কাওসার। কাওসার অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। বাবুরবাগের পশ্চিমপাড়ার একটি সুন্দর দোতলা বাড়ির দোতলা ভাড়া নিয়েছিল কাওসার। থাকত তাঁর সঙ্গে আরও একজন এবং দুই নারী। বাড়ির মালিক আ. রাজ্জাক ব্যবসায়ী। তিনি এই বাড়ি ভাড়া দিয়েছিলেন কাওসারকে। কাওসার ভাড়া নিয়েছিলেন বেনামে। খাগড়াগড়ায় বিস্ফোরণের পরপরই বেলা দুইটায় কাওসার ও তাঁর সঙ্গী ওই বাড়িতে থাকা সব কাগজপত্র, জিহাদি আন্দোলনের পুস্তিকা, লিফলেট ইত্যাদি পুড়িয়ে দিয়ে পালিয়ে যান। আমরা বাড়ির পাশে পড়ে থাকা পোড়া কাগজপত্রও দেখলাম। আমরা যখন ওই বাড়িতে পৌঁছলাম, তখন দেখি বাড়িটি তালাবদ্ধ। পুলিশ সিল করে দিয়েছে। এলাকার যুবক শেখ কিসমত বলেন, ‘এই ভবনের নিচতলায় ভাড়া দেওয়া হয়েছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। আর ওপরে থাকতেন দুই নারী ও কাওসারসহ দুই পুরুষ। কারও সঙ্গে মিশতেন না এঁরা। তবে মাঝেমধ্যে এই বাড়িতে বাইরের দু-একজনের যাতায়াতও ছিল। আমরা তো জানতাম ভাড়াটেরা বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের কাজ করেন।’
পাশের বাড়ির মনোয়ারা বিবি, কল্পনা দাস এবং স্কুলছাত্রী টিনা খাতুন বলে, আমরা পাশে থেকেও কখনো বুঝতে পারিনি এই বাড়ির ভাড়াটেরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। জানেন, এখন আমাদের ভীষণ ভয় হয়।’ এরপর গ্রামের সরু পথ ধরে রিকশায় যাই বাদশাহী রোডের মাঠপাড়ার শেখ রেজাউলের বাড়িতে। এই পাড়াটায় আবার অধিকাংশ রাজমিস্ত্রির বাস। শেখ রেজাউলও একজন রাজমিস্ত্রি হিসেবে এখানে আসেন মুর্শিদাবাদ থেকে। তারপর বাড়ি তৈরি করেন।
এলাকার যুবক নাসিরউদ্দিন বলেন, ‘আমরা তো জানতামই না এই বাড়িতে জঙ্গিদের ঘাঁটি ছিল। পুলিশ এসে বাড়িটি সিল করার পর বুঝলাম শেখ রেজাউলের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক ছিল।’ এলাকার আরেক যুবক রণজিৎ হালদার, পেশায় রাজমিস্ত্রি, বললেন, ‘এখন আমাদের বড্ড ভয় হচ্ছে আরও কত নতুন নতুন জঙ্গি ঘাঁটির সন্ধান না জানি পাওয়া যায়?’
বর্ধমানে গিয়ে শুনলাম খাগড়াগড়ার মাদ্রাসা থেকে পাঁচ ছাত্র বোমা বিস্ফোরণ ঘটনার পরই মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। আমরা খবরটি শুনে ছুটে যাই ওই মাদ্রাসায়। মাদ্রাসার নাম ‘মাদ্রাসা দ্বীনিয়া মাদানিয়া’। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত। মাদ্রাসার সম্পাদক মো. আলী বিশ্বাস ছাত্র পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বলেন, ছাত্ররা ঈদের ছুটিতে বাড়িতে গেছে।
এদিকে সন্ত্রাসমুক্ত বর্ধমান গড়ার দাবিতে আজ বিকেলে বর্ধমান রেলস্টেশনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ভারতীয় জনতা মজদুর মোর্চা। আমাদের রিকশাচালক শেখ আকবর আলী বলেন, ‘এখন আমরা বড়ই আতঙ্কের মধ্যে আছি। দেখলেন না খাগড়াগড়া আর বাবুবাগের এই জঙ্গি আস্তানার আশপাশের বাড়ির দরজা এখনো বন্ধ থাকছে। কেউ আর বাড়ি থেকে বেরিয়ে কথা বলতে চাইছে না।’