বর্ধমান বিস্ফোরণ মামলার শুনানি ভিডিও কনফারেন্সে করার আবেদন
নিরাপত্তার কারণে পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর বর্ধমান বিস্ফোরণ মামলার শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে চাইছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। ইতিমধ্যে এ বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে। সেই আবেদনের ওপর এখনো শুনানি হয়নি। গত শনিবার কলকাতার এক দৈনিককে এ কথা জানিয়েছেন এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ।
আইনজীবী শ্যামল ঘোষ বলেন, এই মামলার অধিকাংশ আসামি ‘বিপজ্জনক বন্দী’। তাই তাঁদের কারাগার থেকে আদালতে আনা বা ফিরিয়ে নেওয়ার সময় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে, সেদিক বিবেচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি করার জন্য তাঁরা আবেদন করেছেন।
২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন শাকিল গাজি ও করিম শেখ। এনআইএ বলেছে, তাঁরা দুজনই ছিলেন বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
এখন এই মামলার শুনানি চলছে কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষের এজলাসে। এই মামলায় গত সপ্তাহে চতুর্থ অতিরিক্ত অভিযোগপত্র আদালতে পেশ করেছে মামলার তদন্ত সংস্থা এনআইএ। এই মামলায় চার দফায় ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে ১১ জন জেএমবি সদস্য। তবে এখনো পলাতক জঙ্গির তালিকায় রয়েছে আরও আটজন। বর্ধমান বিস্ফোরণ মামলার আসামিদের মধ্যে দুজন নারী আছেন। তাঁদের রাখা হয়েছে প্রেসিডেন্সি মহিলা কারাগারে। আর অন্যরা প্রেসিডেন্সি কারাগারে।
এনআইএ চাইছে, ভিডিও কনফারেন্সের মধ্যে শুনানি হলে আসামিদের আদালতে আনতে হবে না। কারাগার থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা যাবে। এতে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করার প্রয়োজন হবে না। আসামিদের আনা-নেওয়ার ঝক্কিও বহন করতে হবে না পুলিশকে। এর আগেও কলকাতায় আরও দুটি মামলার শুনানি করা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মামলা দুটি হলো কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলা ও খাদিম কর্তা অপহরণ মামলা।