বর্ধমান বিস্ফোরণে জড়িতদের ধরতে ফের পুরস্কার ঘোষণা
পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছয় পলাতক জঙ্গিকে ধরার জন্য তৎপর হয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
এনআইএ সূত্র উদ্ধৃত করে কলকাতার গণমাধ্যমে বলা হয়েছে, ওই ছয় জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য ফের পুরস্কার ঘোষণা করা হয়েছে। ওই জঙ্গিদের ছবি দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টারও ছাড়ার উদ্যোগ নিয়েছে এনআইএ।
এনআইএ এই ছয় জঙ্গির মধ্যে ইউসুফ ওরফে বক্করকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ রুপি, কাদের কাজীকে ধরিয়ে দিলে পাঁচ লাখ রুপি, বুরহান শেখ ও আবুল কালাম আজাদ ওরফে আবদুল কালামকে ধরিয়ে দিলে তিন লাখ রুপি, জহিরুল শেখ ও মুস্তাফিজুর রহমান ওরফে শাকিবকে ধরিয়ে দিলে এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই জঙ্গিরা বর্ধমান বিস্ফোরণের পর পালিয়ে যায়।
এনআইএ সূত্রে আরও বলা হয়েছে, এই জঙ্গিরা ইতিমধ্যে তাদের চেহারা পরিবর্তন করে সীমান্ত এলাকার বিভিন্ন মাদ্রাসায় ঢোকার চেষ্টা করছে। এমনকি তারা বারবার তাদের মুঠোফোনের সিম এবং আস্তানা বদল করছে।
এর আগে গত ১৪ ডিসেম্বর কলকাতার নগর দায়রা আদালতে এনআইএ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে অভিযোগপত্র দাখিল করেছে। এর আগে গত ৩০ মার্চ ২১ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ওই ২১ জনের মধ্যে চারজন ছিল বাংলাদেশি।
এনআইএ এ কথাও জানিয়েছে, এই মামলায় সর্বমোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নয়জনের বিরুদ্ধে এখনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। এই মামলায় এখন পর্যন্ত ৪০০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
গত ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন। এঁরা হলেন শাকিল গাজি ও করিম শেখ। এনআইএ বলেছে, বাংলাদেশের জেএমবি এই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা।