বর্ধমান বিস্ফোরণ: আরও একজন গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় আসামের বরপেটা জেলার পাটচিকুচি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাজিমুল ইসলাম। তিনি স্থানীয় ভবানীপুর কারিগরি মাদ্রাসার অধ্যক্ষ বলে জানানো হয়েছে। আসাম পুলিশের বিশেষ অভিযান দলের সহায়তায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) নাজিমুলকে গ্রেপ্তার করে।
বিস্ফোরণের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযোগ ওঠা গ্রেপ্তার হওয়া শাহানুর আলমের দেওয়া তথ্যে নাজিমুলের সন্ধান পায় এনআইএ।
এনআইএর দাবি, আসাম থেকে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরক নিয়ে আসার কাজে নাজিমুল জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত ২ অক্টোবর বর্ধমান জেলা শহরের অদূরে খাগড়াগড়ে বিস্ফোরণে জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য নিহত হন। বিষয়টি তদন্ত করছে এনআইএ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।
ওই বিস্ফোরণে নিহত শাকিল গাজীর লাশ গতকাল দাফন করা হয়েছে। এত দিন তাঁর লাশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।