বর্ধমান বিস্ফোরণ: গ্রেপ্তার শাহনূর পুলিশ হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন জঙ্গি শাহনূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আসামের নলবাড়ি জেলার লবকুচি গ্রাম থেকে গতকাল শুক্রবার গভীর রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এই অর্থপ্রধানকে গ্রেপ্তার করা হয়।
শাহনূরকে ধরিয়ে দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পাঁচ লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল।
এনআইএর প্রকাশ করা ১১ জঙ্গির তালিকায় শাহনূরও ছিলেন। ডক্টর নামেও পরিচিত তিনি। তিনি আসামের বরপেটা জেলার চাতালা গ্রামে বাস করছিলেন। তাঁকে ভারতে জেএমবির আর্থিক জোগানদাতা হিসেবে সন্দেহ করা হয়। আসাম পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে তুলে দেওয়া হয়েছে এনআইএর হাতে।
গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের পর থেকে শাহনূরের খোঁজ করছিল এনআইএ। গত মাসে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে এনআইএ। এর পরই এনআইএ সন্ধান পায় শাহনূরের। কিন্তু একপর্যায়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
এবার শাহনূরের পরিচয় নিশ্চিত করার জন্য তাঁর স্ত্রীকে দিয়ে শনাক্ত করা হয়। আজ তাঁকে আসামের কামরূপ আদালতে তোলা হলে আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজত দেয়।