বর্ধমান বিস্ফোরণ ঘটনায় অভিযুক্ত আরও ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমানের চাঞ্চল্যকর বিস্ফোরণ ঘটনায় আরও ৬ জনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগপত্র দাখিল করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ‍)। কলকাতার নগর দায়রা আদালতের বিচারক শুভ্রা ঘোষের আদালতে গতকাল বৃহস্পতিবার এ অভিযোগপত্র দাখিল করা হয়।
এই ছয়জনের মধ্যে মতিউর রহমান শেখ, লাল মহম্মদ এবং আব্দুল ওয়াহাব মোমিন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। জহিরুল হক, সাদিক এবং মোস্তাফিজুর রহমান নামের বাকি তিনজন পলাতক। এ নিয়ে এই মামলায় ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো।
এর আগে গত ৩০ মার্চ ২১ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগ পত্র পেশ করা হয়। ওই ২১ জনের মধ্যে চারজন ‘বাংলাদেশি’।
গত বছরের ২ অক্টোবর খাগড়াগড়ের একটি বাড়িতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাকিল গাজি ও করিম শেখ নামে দুই ব্যক্তি নিহত হন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৯ অক্টোবর এনআইএ এ ঘটনার তদন্তভার নেয়। তদন্তে নেমে এনআইএর গোয়েন্দারা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে জঙ্গি কার্যকলাপের নেটওয়ার্কের কথা জানতে পারে। এ ঘটনায় এনআইএ এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, প্রশিক্ষণ, নিয়োগ, নাশকতা ও ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক ধারায় মামলা হয়েছে।