বর্ধমান বিস্ফোরণ মামলায় আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা শহরের অদূরে খাগড়াগড়ে ২০১৪ সালের ২ অক্টোবর বিস্ফোরণের ঘটনায় চতুর্থ দফায় আরও তিন জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। কলকাতার নগর ও দায়রা আদালতের প্রধান বিচারক শুভ্রা ঘোষের আদালতে গত সোমবার জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই অভিযোগপত্র পেশ করে।

চতুর্থ দফায় যে তিনজন জেএমবি জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করা হয়েছে, তাঁরা হলেন মহম্মদ রুবেল, জাহিদুল ইসলাম ও মহম্মদ শহীদুল ইসলাম। এর মধ্যে রুবেল ও জাহিদুলের বাড়ি বাংলাদেশে আর শহীদুলের বাড়ি আসামের বরপেটায়। এ নিয়ে এই মামলায় মোট ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

গত বছরের ১৬ জুলাই দেওয়া অভিযোগপত্রে ২০ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে বাংলাদেশের ছিল ছয়জন জেএমবি জঙ্গি। গত সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে গ্রেপ্তার হওয়া ছয় জঙ্গির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে তিনজন বাংলাদেশি। সোমবার দেওয়া অভিযোগপত্রে তিন জঙ্গির মধ্যে দুজন বাংলাদেশি। সব মিলিয়ে অভিযোগপত্র দেওয়া ৩৩ জঙ্গির মধ্যে ১১ জন বাংলাদেশি জেএমবি জঙ্গি। এখনো পলাতক জঙ্গির তালিকায় রয়েছে আরও আট জন।

২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন শাকিল গাজি ও করিম শেখ। এনআইএ বলেছে, তাঁরা দুজনই ছিল বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।