বর্ধমান বিস্ফোরণের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে রিয়াজুল ইসলাম চৌধুরী নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে তাঁকে আসামের নলবাড়ি জেলার চর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

তদন্তে নেমে আসাম পুলিশ রফিকুলের হদিস পায়। রফিকুল নলবাড়ির ভাঙনমারি এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বর্ধমান বিস্ফোরণ–কাণ্ডের অন্যতম হোতা হাতুড়ে চিকিৎসক শাহনুর আলমকে গ্রেপ্তারের পর জেরা করে পুলিশ রফিকুলের হদিস পায়।

আসাম পুলিশের স্পেশাল অপারেশন ইউনিট বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে অবশেষে নলবাড়ির চর এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করে। এর আগে ২০০৮ সালেও একবার আসাম পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে জেএমবির দুই জঙ্গি শাকিল আহমেদ ও সুবহান মণ্ডলের মৃত্যু হয়। গুরুতর আহত হন একজন। এই বিস্ফোরণের ঘটনার পর উঠে আসে এর সঙ্গে বাংলাদেশের জেএমবি সংগঠনের সম্পৃক্ত থাকার কথা। এখন এই বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।