বর্ধমান বিস্ফোরণের ঘটনায় পলাতকদের ধরলে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় জড়িত সাত পলাতক জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন স্থানে পুরস্কারের ঘোষণা সংবলিত পোস্টার লাগানো হচ্ছে। গত কয়েক দিন ধরে এসব পোস্টার লাগানো হচ্ছে। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর পক্ষ থেকে এসব পোস্টার লাগানো হচ্ছে।

পোস্টারে এই সাত জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ থেকে ১০ লাখ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এই সাতজন হলেন মাওলানা ইউসুফ ওরফে বক্কর, তালহা সেখ, কাদর কাজী, বুরহান শেখ, আবুল কালাম আজাদ ওরফে আবদুল কালাম, জহিরুল শেখ ও মুস্তাফিজুর রহমান ওরফে শাকিব। এই জঙ্গিরা বর্ধমান বিস্ফোরণের পর পালিয়ে যান।

এর আগে এনআইএ সূত্রে বলা হয়েছিল, এই জঙ্গিরা ইতিমধ্যে তাঁদের চেহারা পরিবর্তন করে মৌলভি সেজে সীমান্ত এলাকার বিভিন্ন মাদ্রাসায় ঢোকার চেষ্টা করছেন। এমনকি তাঁরা তাদের মুঠোফোনের সিম এবং আস্তানা বারবার বদল করছেন।

গত ১৪ ডিসেম্বর কলকাতার নগর দায়রা আদালতে এনআইএ এই মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছে।

গত ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে একটি বাড়িতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাকিল গাজি ও করিম শেখ নামে দুই ব্যক্তি নিহত হন। এনআইএ বলেছে, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এই বিস্ফোরণের ঘটনার মূল হোতা।