বর্ধমানকাণ্ডেও সারদার টাকা, অভিযোগ অমিত শাহের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা সারদাকাণ্ডে জড়িত। হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করুন সারদাকাণ্ডে তাঁরা নির্দোষ, যাঁদের ধরা হয়েছে তাঁরা নির্দোষ। শুধু তাই নয়, তিনি এই অভিযোগও করেন, বর্ধমানকাণ্ডেও ব্যবহার করা হয়েছে সারদার টাকা।

আজ রোববার বিকেলে কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া চত্বরে বিজেপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন অমিত শাহ।

অমিত শাহ বলেন, ক্ষমতায় আসার পর মাত্র সাড়ে তিন বছরে রাজ্যকে এগিয়ে না নিয়ে বরং পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অবিলম্বে মমতার শাসন নির্মূল করে এই রাজ্যে বিজেপির শাসন কায়েমের আহ্বান জানান তিনি।
৩৫ মিনিটের ভাষণে অমিত শাহ অধিকাংশ সময় পশ্চিমবঙ্গ সরকার এবং মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বর্ধমানের বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, এই ঘটনায় তৃণমূলের নেতারা জড়িত। নইলে কেন মমতা দোষী ব্যক্তিদের ছাড়াতে এত উদ্যোগী? অমিত শাহ প্রশ্ন তোলেন, সিঙ্গুরকাণ্ড নিয়ে মমতা এত আন্দোলন করেছেন আর সারদাকাণ্ড নিয়ে কেন নিশ্চুপ ছিলেন?
অমিত শাহ প্রশ্ন তুলে বলেন, বর্ধমানের খাগড়াগড়ের যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেই বাড়িটি কার, সেই বাড়িতে কোন দলের অফিস ছিল? বিস্ফোরণকাণ্ডে নিহত শাকিল আহমেদ বাংলাদেশি অনুপ্রবেশকারী একজন জঙ্গি। কেন মমতা এসব অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছেন? তিনি বলেন, অনুপ্রবেশে মদদ দেবেন না। ওঁরা আপনাকে মুখ্যমন্ত্রী করেননি। মুখ্যমন্ত্রী করেছেন এ দেশের মানুষ।
এর পরই অমিত শাহ মোদির স্লোগানের সূত্র ধরে বলেন, এবার তৃণমূলমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে। হটাতে হবে এই রাজ্য থেকে তৃণমূলকে। পরিবর্তনের ডাক দিয়ে এই রাজ্যে ক্ষমতায় এলেও গত সাড়ে তিন বছরে পিছিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যকে। তিনি বলেন, আগামী বছর কলকাতা পৌর করপোরেশনসহ পশ্চিমবঙ্গের পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে শুরু করতে হবে বিজেপির জয়যাত্রা। শুরু করতে হবে বিজেপির উত্থানযাত্রা। আর ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাধ্যমে এই উত্থানযাত্রার পূর্ণতা আনতে হবে।
পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, এবার থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হয়ে যাবে ‘নির্মূল কংগ্রেস’। মমতার স্বৈরশাসনের বেড়াজাল থেকে মুক্ত হবে এই রাজ্য।
পশ্চিমবঙ্গের অপর সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, তৃণমূলমুক্ত, সন্ত্রাসমুক্ত পশ্চিমবঙ্গ গড়াই হবে এবার আমাদের মূল লক্ষ্য। এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে জেহাদিদের। রাজ্যে বোমা তৈরি করে বাংলাদেশের বিদ্রোহীদের জন্য পাঠানো হচ্ছে।
বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, বিজেপি-ভীতিতে তৃণমূলে কাঁপুনি শুরু হয়েছে। এই রাজ্যে হিন্দু-মুসলিম বিভক্তের রাজনীতি করতে পারবে না তৃণমূল। তারও যোগ্য জবাব দেওয়া হবে।