বর্ধমানে বিস্ফোরণ: তদন্ত নিয়ে রাজ্য-কেন্দ্র দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ার চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণকাণ্ড নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার দ্বিমুখী অবস্থান নিয়েছে। রাজ্যে ক্ষমতাসীন মমতা সরকার এই ঘটনার তদন্ত রাজ্যের গোয়েন্দা পুলিশ সিআইডিকে দিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার চাইছে এই তদন্ত করুক কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)।

প্রাথমিক তদন্তের পর সিআইডি মনে করছে, এই বোমা বিস্ফোরণের পেছনে রয়েছে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীর হাত। অন্যদিকে এনআইএ মনে করে, এর পেছনে থাকতে পারে সিমি বা ইন্ডিয়ান মুজাহিদিনের  হাত। তাই কেন্দ্রীয় সরকার চাইছে এই বোমা বিস্ফোরণের পেছনে কাদের হাত রয়েছে, তা তদন্ত করে বের করুক এনআইএ। কিন্তু রাজ্য সরকার তা চাইছে না। ফলে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআইএর তদন্তের সাহায্য চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এদিকে এনআইএর তদন্তের বিরোধিতা করে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান আজ বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করানোর অর্থ হলো রাজ্যের স্বাধীনতা ও অধিকার খর্ব করা। এনআইএ মানে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শেষ করা। এনআইএ এসব সমস্যার সমাধান করতে পারবে না।’ প্রসঙ্গত, এনআইএ ভারতে সংঘটিত এ ধরনের বোমা বিস্ফোরণসহ জঙ্গি হামলার অন্তত ৮৬টি মামলার তদন্ত করেছে বা করছে।

এদিকে আজ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা সাংবাদিকদের কাছে প্রশ্ন তুলে বলেছেন, রাজ্য পুলিশ কীভাবে করবে এই তদন্ত। এটা তো ছোট্ট ঘটনা নয়। এর পেছনে কারা, তা তদন্ত করে বের করতে হবে। এটা প্রমাণ হয়েছে এখান থেকে বোমা তৈরি হয়ে বাংলাদেশে যেত। তাই এর তদন্তভার এনআইএকে দেওয়া উচিত।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বোমা বানাতে গিয়ে বর্ধমানের খাগড়াগড়ায় নিহত হন শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামের দুই জঙ্গি। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁরা বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। বোমা বিস্ফোরণের পর গ্রেপ্তার হওয়া শাকিল আহমেদের স্ত্রী রাজিয়া বিবি এবং আহত জঙ্গি আবদুল হাকিমের স্ত্রী আলিমা বিবিকে পুলিশ জেরা করে জানতে পারে, তারা বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। নিহত শাকিল ও তাঁর সঙ্গীরা খাগড়াগড়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাড়াটে হিসেবে অবস্থান করে বিস্ফোরক তৈরি করে আসছিলেন।