বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্তে ছয় গোয়েন্দা সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় তদন্তকাজে যুক্ত হয়েছে ছয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা। প্রথম থেকে তদন্তের সঙ্গে যুক্ত আছে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ।

শুধু দেশীয় জঙ্গিগোষ্ঠী, নাকি আন্তর্জাতিক চক্রও এর পেছনে মদদ জুগিয়েছে—তারই সন্ধান করছে গোয়েন্দা সংস্থাগুলো।

এই ছয় গোয়েন্দা সংস্থা হলো সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন), এনআইএ (ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি), আইবি (ইন্টেলিজেন্স ব্যুরো), এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড), এমআই (মিলিটারি ইন্টেলিজেন্স) এবং র (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)। একসঙ্গে ছয় গোয়েন্দা সংস্থার তদন্তে নেমে পড়ার ঘটনা পশ্চিমবঙ্গে এই প্রথম।

২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে এই বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হন। এঁরা হলেন শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল। পুলিশের তরফ থেকে দাবি করা হয়, এঁরা বাংলাদেশের জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ ঘটনাটিকে ছোট করে দেখে দেরিতে তদন্তকাজ শুরু করে। পরে সিবিআই তদন্তে গিয়ে দেশি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগসূত্র খুঁজে পায়। এরপর বিস্ফোরণের ঘটনা তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা এনআইএ। তারা একটি টাটা ন্যানো গাড়িও খুঁজে পায়।

এনআইএ তদন্তে জানতে পারে, উদ্ধার হওয়া গাড়িটিতে করেই খাগড়াগড় থেকে নিয়মিত শিমুলিয়ার মাদ্রাসায় যাতায়াত করতেন রাজিয়া ও আলিমা। রাজিয়া নিহত জঙ্গি শাকিলের স্ত্রী আর আলিমা আহত জঙ্গি আবদুল হাকিমের স্ত্রী। এঁদের এনআইএ গ্রেপ্তার করেছে। গাড়িটিতে ব্যবহৃত নম্বরপ্লেটটি আসলে বর্ধমানের প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের একটি মোটরসাইকেলের।

এদিকে গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ করেছে এনআইএ। প্রতিবেদনে বলা হয়েছে, বর্ধমানসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মাদ্রাসার আড়ালে চলত জঙ্গি মডিউলের কাজ।

একাধিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, বর্ধমানের শিমুলিয়ার পর রাজ্যটির বিভিন্ন জেলায় সরকারের অনুমোদনহীন কিছু মাদ্রাসার খোঁজ মিলেছে, যা জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে।