বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে হায়দরাবাদ থেকে মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ( এনআইএ)। তাঁর নাম খালিদ ওরফে খালিদ মোহাম্মদ। আইএএনএসের এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানা যায়।

এনআইএ জানায়, ২৮ বছর বয়সী খালিদ রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের সদস্য। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে সংগঠনটির সম্পর্ক রয়েছে। তিনি বিস্ফোরক–বিষয়ক একজন বিশেষজ্ঞ।
এনআইএর পক্ষ থেকে বলা হয়, গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ আছে, খালিদ বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে সন্ত্রাস শিবির পরিচালনা করেন।

এনআইএ এক বিবৃতিতে বলেছেন, ‘তাঁর কাছ থেকে কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। ভিডিওগুলো জঙ্গি প্রশিক্ষণ–সংক্রান্ত। তাঁর কাছে বিষাক্ত পদার্থ, বোমা তৈরি ও বিস্ফোরক দ্রব্য নিয়ে লেখা কিছু বই এবং মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত জঙ্গিদের জিহাদি বই পাওয়া গেছে।’

খালিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থাকে জানিয়েছেন, তিনি তেহরিক-ই-আজাদি আরকানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আর প্রশিক্ষণ দিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গি সদস্যরা।

খালিদ নিজের পরিচয় গোপন করে হায়দরাবাদে থাকছিলেন। তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে আরও তদন্ত চলবে বলে জানায় এনআইএ।
সূত্র জানায়, খালিদকে কলকাতায় নিয়ে যাওয়া হতে পারে। সেখানে তাঁকে আদালতে তোলা হবে।

গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামে দুজন নিহত এবং আবদুল হাকিম নামে একজন আহত হন। তাঁরা জেএমবির সদস্য বলে প্রাথমিক তদন্তে এনআইএ জানতে পেরেছে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া সাজিদ নারায়ণগঞ্জের ফরাজীকান্দার বাসিন্দা বলে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে। 
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, এনআইএর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলায় ইসলামী রাষ্ট্র গড়ার ছক এঁকেছিল জেএমবি। বিস্ফোরণে জড়িত ১২ জনের চারজন বাংলাদেশের।
এদিকে খাগড়াগড়ের ওই বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গি জড়িত কি না, তা জানতে ঢাকা সফর করছেন এনআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল।