বর্ধমানের বিস্ফোরণ ঘটা বাড়িটি বাজেয়াপ্তের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে এই বাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল। ছবি: ভাস্কর মুখার্জী
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে এই বাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল। ছবি: ভাস্কর মুখার্জী

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, তা বাজেয়াপ্ত এবং সিজার লিস্টে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

২০১৪ সালের ২ অক্টোবর এই বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
এই মামলার তদন্ত করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তারাই আবেদন করেছিল মামলার স্বার্থে বাড়িটিকে সিজারলিস্টে অন্তর্ভুক্ত করতে। কিন্তু আইনি জটিলতার কারণে এত দিন রাজ্য সরকার এই বাড়িটি বাজেয়াপ্ত বা সিজারলিস্টে অন্তর্ভুক্তির অনুমতি দেয়নি। গত বুধবার রাজ্য সরকার এক চিঠিতে এই অনুমতি দিয়েছে। সেই চিঠি দেওয়া হয়েছে এনআইএ-কেও।

অভিযোগ আছে, বাড়িটিতে বোমা তৈরি করতে গিয়ে নিহত হয়েছিলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য শাকিল আহমেদ। গুরুতর আহত হয়েছিলেন সোবাহান মণ্ডল ও আবদুল হাকিম। পরে মারা যান আবদুল হাকিম। ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল দুই নারীকেও। মামলার তদন্তভার নেয় এনআইএ। এই বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়।
এনআইএ এই মামলার তদন্তকাজ শেষ করেছে। গ্রেপ্তার করেছে অভিযুক্ত ব্যক্তিদের। অভিযোগপত্রও দাখিল করেছে। এর আগে এই বাড়িটি সিজার লিস্টে তোলার জন্য আবেদন করেছিল এনআইএ। দীর্ঘদিন পর সেই আবেদনে সাড়া দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
জেএমবির সদস্যরা এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। বাড়ির মালিক তখন ওখানে থাকতেন না। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের বিচার এখন চলছে কলকাতার বিশেষ নগর দায়রা আদালতে। ইতিমধ্যে এই মামলায় এনআইএ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।