বর্ধমানের বিস্ফোরণস্থলে এনআইএ, ক্ষুব্ধ মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিস্ফোরণের ঘটনা তদন্তের দায়িত্ব নেওয়ার পর দেশটির জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএর প্রতিনিধিদল গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রাজ্য সরকারের দাবি উপেক্ষা করে রাজ্য পুলিশের পরিবর্তে এনআইএকে এই দায়িত্ব দেওয়ায় দারুণ ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্রে সরকার পরিবর্তনের পরই রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রবণতা বাড়ছে।
২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে নিহত হন দুই ব্যক্তি। তাঁরা বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দারা।
এ ঘটনার তদন্তভার গত শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছ থেকে এনআইএর হাতে আসে। এরপর ওই রাতেই সংস্থাটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কলকাতায় পৌঁছায়। গতকাল বিকেলে তারা খাগড়াগড়ের বিস্ফোরণস্থলে যায়। প্রতিনিধিদলে আছেন আইজি পদমর্যাদার এক কর্মকর্তা। প্রতিনিধিদলের সদস্যরা দুর্ঘটনাস্থলের ছবি তোলেন। নমুনা সংগ্রহ করেন।
নাখোশ মমতা: রাজ্য সরকার চেয়েছিল রাজ্য পুলিশের সিআইডি দিয়ে ঘটনার তদন্ত করতে। কিন্তু কেন্দ্র থেকে সেই দায়িত্ব তুলে দিয়েছে এনআইএর হাতে। এতে দারুণ অখুশি হন মমতা। গত শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘কেন্দ্রে সরকার পরিবর্তনের পরই রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রবণতা বাড়ছে। দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ করাই কেন্দ্রের কাজ। রাজ্যের কাজে কেন্দ্রের হস্তক্ষেপ কখনোই প্রত্যাশিত নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই প্রবণতা বড় বিপদ।’
আরেকটি জঙ্গি ঘাঁটির হদিস: গতকাল হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, বর্ধমানের আরও একটি বাড়িকে সম্ভবত গুপ্ত আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছিল জঙ্গিরা। জেলার হটুদেওয়ান এলাকার দোতলা ওই বাড়িটির মালিক মনোয়ার শেখ গত শুক্রবার রাতে জানান, তাঁর বাড়িতে ভাড়া থাকতেন চারজন, সম্ভবত দুই জোড়া দম্পতি। কিন্তু গত ২ অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণের পর তাঁরা বাড়ি ছেড়ে চলে গেছেন। ফোনেও তাঁদের পাওয়া যাচ্ছে না।
বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তবে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শেখ তালিব নামের এক ব্যক্তি মাস দেড়েক আগে পাঁচ হাজার রুপিতে ওই বাড়ির নিচতলার দুটি কক্ষ ভাড়া নেন। এরপর থেকে চারজন সেখানে বসবাস করলেও তাঁরা আশপাশের লোকজনের সঙ্গে মিশতেন না।
আসামে গ্রেপ্তার ছয়: বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া রাজিয়া ও আলিমাকে জেরা করে পুলিশ আসামের কয়েকজন জঙ্গির নাম-ঠিকানা পায়। এরপরেই পশ্চিমবঙ্গ পুলিশ বিষয়টি আসাম পুলিশকে জানালে আসামের গোয়েন্দা পুলিশ বরপেটা জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন সিরাজ আলী, সাইফুল ইসলাম, জহির উদ্দিন, গোলাম ওসমানী, সরবেশ আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার পশ্চিমবঙ্গের পুলিশ এ খবর জানায়।
বোমা পৌঁছাত রাজশাহীতে: সিআইডির বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল এক প্রতিবেদনে বলেছে, বর্ধমানে যে বোমা তৈরি করা হতো, সেগুলো সীমান্ত পার করে পাঠানো হতো রাজশাহীতে। রাজনৈতিক সহিংসতার সময় সেগুলো ব্যবহার করা হতো বলে জানিয়েছেন হাশেম আলী নামের এক সন্দেহভাজন। পুলিশের হাতে আটক এই ব্যক্তিকে জেরা করছে তদন্তকারীরা।
ডায়েরিতে জঙ্গিদের কর্মকাণ্ড: জঙ্গিদের ব্যবহৃত একটি ডায়েরি জব্দ করেছে সিআইডি। এতে জঙ্গিদের সামগ্রিক কর্মকাণ্ডের বিবরণ রয়েছে সাংকেতিক ভাষায়। বিস্ফোরণে নিহত সাকিল আহমেদ এবং ওই ঘটনায় সন্দেহভাজন পলাতক কাওসার ডায়েরিটি ব্যবহার করতেন। সিআইডির সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটি জানায়, জঙ্গিদের সংগঠিত করার জন্য সেখানে একটি মেয়েদের মাদ্রাসা খোলা, বিস্ফোরক সরঞ্জাম সংগ্রহ করা ও তার দাম এবং যেসব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হতো, তাঁদের সম্পর্কে অনেক তথ্য আছে ওই ডায়েরিতে।
বেলেডাঙাতে স্থায়ী আস্তানা বানাতে চেয়েছিল জঙ্গিরা: সিআইডি সূত্রের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা গতকাল জানিয়েছে, বিভিন্ন স্থানে ভাড়া করা বাড়িতে থেকে কর্মকাণ্ড চালাত জঙ্গিরা। তবে তারা একটি স্থায়ী আস্তানা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল। এ জন্য তারা বেলেডাঙার বড়ুয়া মোড়ে দুই কাঠার মতো জমিও ঠিক করেছিল। চলতি মাসের শেষ নাগাদ ওই জমি রেজিস্ট্রি করা হতো। এরপর সেখানে উঠবেন বলে ভেবে রেখেছিলেন বিস্ফোরণে নিহত সাকিল ও তাঁর স্ত্রী রাজিয়া। সিআইডির জিজ্ঞাসাবাদে রাজিয়াই এ তথ্য জানিয়েছেন।