বর্ষপূর্তিতে বিজেপির মহা কর্মসূচি
সরকারের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির আয়োজন করছে শাসক বিজেপি। প্রধানমন্ত্রী থেকে দলের কাউন্সিলর পর্যায়ের মোট সাড়ে চার শ নেতা-নেত্রী দেশের সব রাজ্যে মোট ৯০০টি সভা করবেন। সেই সভায় সরকারের তিন বছরের সাফল্য যেমন তুলে ধরা হবে, তেমনই জানানো হবে আগামী দুই বছরে সরকার আর কী কী করতে চলেছে।
আজ সোমবার বিজেপি সদর দপ্তরে দলের এই কর্মসূচির কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২৬ মে থেকে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালিত হবে। তৃতীয় বর্ষপূর্তির দিন, ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন আসামে। ওই দিন লোহিত নদীর ওপর সোয়া নয় কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন করবেন তিনি। এই সেতু আসামের সঙ্গে অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে।
ঠিক হয়েছে, দলের সব পর্যায়ের সাড়ে চার শ নেতা প্রত্যেকে দুটি করে জনসভা করবেন। একটি তাঁর নিজের রাজ্যে নিজের কেন্দ্রে, অন্যটি অন্য কোনো রাজ্যে। এই বাছাবাছির মধ্যে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গকে। সেখানে স্মৃতি ইরানি ছাড়াও আরও চার কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন স্থানে সভা করবেন।
দুই বছর পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি চারটি রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাড়ু ও কেরালা। লোকসভায় এই চার রাজ্যের মোট আসনসংখ্যা ১২২। এই আসনগুলোর মধ্যে বিজেপির দখলে রয়েছে মাত্র চারটি। দুটি পশ্চিমবঙ্গে, ওডিশা ও তামিলনাড়ুতে একটি করে। বিজেপি চাইছে, আগামী দুই বছরে এই চার রাজ্যে আসনসংখ্যা বাড়াতে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই তারা রাজ্যের সুপারস্টার রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করেছে।