বর্ষা তছনছ করে দিচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল

ঘূর্ণিঝড় মোরায় চেপে বর্ষা এসে তছনছ করে দিচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল। একেবারে টিটোয়েন্টির মেজাজে প্রবল বৃষ্টিতে নাজেহাল পাহাড়ি রাজ্যগুলোর মানুষ। ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বহু সাধারণ মানুষ দুর্যোগের শিকার। মৃত্যুর সংখ্যা বাড়ছেই। পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণও।
অন্যবার উত্তর পূর্ব ভারতে ৫ জুনের পরই বর্ষা আসে। এবার মৌসুমি বায়ুর হাত ধরে বর্ষা ২ জুনই প্রবেশ করেছে উত্তর পূর্ব ভারতে। এসেই শুরু করে দিয়েছে ধংসলীলা। ত্রিপুরাতেই গত ২৪ ঘণ্টায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। বজ্রপাত, ভূমিধসের পাশাপাশি হড়কা বাণে তলিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। ত্রিপুরার কৈলাসহরে সর্বকালের রেকর্ড ভেঙে হয়েছে ২৩৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত। প্রবল বর্ষণে কৃষিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে।
আসামের বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকাতেও শুরু হয়েছে ত্রাহি ত্রাহি রব। রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, অন্তত ১৩ হাজার পরিবার এখন শরণার্থীশিবিরে। লখীমপুর, বিশ্বনাথ ও জোরহাট জেলার ২৮টি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত। ব্রহ্মপুত্র এখনো ফুঁসছে। বরাক নদীরও জল বাড়ছে। বাড়ছে ভূমিধসও। ইতিমধ্যেই ধসের কারণে রাজধানী গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।

মোরা এসে মিজোরামকে আগেই বিপাকে ফেলে। অনেকেই হয়ে পড়েন গৃহহীন। ব্যাপক ধসের শিকার ৫৪ নম্বর জাতীয় সড়ক। এখন প্রবল বর্ষণে মানুষের জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
নাগাল্যান্ডেও অন্তত চারজন প্রাণ হারিয়েছেন চলতি বর্ষায়। মককাচং জেলার পরিস্থিতি ভয়াবহ। মণিপুরের চোরাচান্দপুর জেলায় দুই শিশু পানির তোড়ে ভেসে গিয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ে। বৃষ্টির দাপট অরুণাচল প্রদেশ ও সিকিমেও চলছে। সব মিলিয়ে উত্তর পূর্বাঞ্চলের ৮ পাহাড়ি রাজ্যই বর্ষার শুরু থেকেই এবার দুর্ভোগের শিকার।