বলতে হবে সন্তান কীভাবে এল
ভারতে একজন অবিবাহিত মা যদি তাঁর সন্তানের পাসপোর্ট করাতে চান, তবে কীভাবে তিনি অন্তঃসত্ত্বা হলেন সেটিও বলতে হবে। জানাতে হবে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কি না। গতকাল বৃহস্পতিবার মুম্বাই উচ্চ আদালতের এক প্রশ্নের এমন জবাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, বিচারপতি ভি এম কানাড়ে ও অঞ্জু প্রভুদেশাইয়ের সমন্বয়ে গড়া হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোনিয়া আকরাম (২১) নামের এক নারীর পাসপোর্টে সৎ পিতার নাম অন্তর্ভুক্তিতে মুম্বাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসের আপত্তি বিষয়ে জানতে চান। স্কুল ও কলেজের সনদপত্রে সৎ পিতার নাম ব্যবহার করেছেন সোনিয়া—এমন যুক্তিও মানতে নারাজ পাসপোর্ট অফিস। তাঁকে জানানো হয়, সৎ পিতাকে অভিভাবক বানাতে হলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। এমনকি সোনিয়া যে মায়ের হেফাজতে আছেন, তাঁর নামও অভিভাবক হিসেবে ব্যবহার করতে দিতে রাজি নয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতে আদালতের দ্বারস্থ হন সোনিয়া। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল উচ্চ আদালতের বেঞ্চে এ ব্যাপারে শুনানি হয়। এ সময় আদালত সরকারপক্ষের কাছে অবিবাহিত মায়েদের বেলায় কী, তা জানতে চান।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী পূর্ণিমা ভাটিয়া আদালতকে জানান, অবিবাহিত মায়েদের তাঁর সন্তানের জন্য পাসপোর্ট নিতে হলে অবশ্যই হলফনামা দাখিল করতে হবে। ওই হলফনামায় তিনি কীভাবে অন্তঃসত্ত্বা হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন কি না এবং কেন তিনি সন্তানের পিতার নাম উল্লেখ করতে চান না—এ ব্যাপারে ব্যাখ্যা করতে হবে।