বলিউড তারকাদের ভাগ্য পরীক্ষা কাল
প্রতিবারের মতো এবারের লোকসভা নির্বাচনেও বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি তাদের হয়ে বলিউডি তারকাদের মাঠে নামিয়েছে। রাজনীতিক বনে যাওয়া বলিউডের এসব অভিনেতা–অভিনেত্রীর ভাগ্য পরীক্ষা কাল বৃহস্পতিবার। কাল সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল বেরোবে।
ইতিমধ্যে প্রকাশিত বুথ–ফেরত জরিপে বলা হয়েছে, ক্ষমতায় আবার ফিরতে পারে বিজেপি। এ নিয়ে গেরুয়া শিবিরে উল্লাস ছড়িয়ে পড়েছে। এ শিবিরের প্রার্থী ‘বলিউডের ড্রিম গার্ল ’হেমা মালিনী মথুরা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। গতবার জয়ন্ত চৌধরীকে হারিয়ে এই কেন্দ্রের সাংসদ হয়েছিলেন। হেমা মালিনী ৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটে জিতে ছিলেন। ২০০৪ সালে হেমা বিজেপিতে যোগ দেন। এবার হেমা মালিনীর ভাগ্য অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বলে জানা গেছে। আরএলডির (রাষ্ট্রীয় লোকদল) প্রার্থী নরেন্দ্র সিংয়ের সঙ্গে হেমার জোর লড়াই হবে, ধারণা বিশ্লেষকদের।
বলিউডের নায়ক ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল এবার বিজেপির হয়ে নির্বাচন লড়ছেন পাঞ্জাবের গুরুদাসপুর আসন থেকে। সানির নির্বাচনী প্রচারে বাবা ধর্মেন্দ্র ও ভাই ববিকে দেখা গেছে। ধর্মেন্দ্র ছেলের হয়ে অনেক সমাবেশ ছাড়াও প্রচুর সাক্ষাৎকারও দিয়েছেন। ছেলের প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন ধর্মেন্দ্র। মনোয়নপত্র জমা দেওয়ার সময় সানির পাশে ববিকে দেখা গেছে। পাঞ্জাবের এ আসনে সানির সঙ্গে লড়াই হবে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস প্রধান ও এখানকার বর্তমান সাংসদ সুনীল জাখড়ের।
বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর রাজনীতির আঙিনায় পা রাখামাত্রই বিতর্ক তাঁকে ঘিরে আছে। উত্তর মুম্বাই আসন থেকে কংগ্রেসের হয়ে নির্বাচন লড়ছেন এই বলিউড অভিনেত্রী। তাঁর বিপক্ষে আছেন বিজেপির বর্তমান সাংসদ গোপাল শেট্টি।
বিজেপি ছেড়ে সদ্য কংগ্রেসে এসেছেন বলিউডের দাপুটে অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বিহারের পাটনা সাহিব থেকে নির্বাচনে লড়ছেন। বিজেপির রবিশংকর প্রসাদের সঙ্গে শত্রুঘ্নের তীব্র লড়াই হবে।
বলিউডের প্রয়াত অভিনেতা সুনীল দত্তের কন্যা প্রিয়া দত্ত কংগ্রেসের সাবেক সাংসদ। গত লোকসভা নির্বাচনে প্রিয়া বিজেপির পুনম মহাজনের কাছে পরাজিত হন। এবার তিনি নির্বাচন লড়বেন না বলে মনোস্থির করেছিলেন। তবে রাহুল গান্ধীর অনুরোধে প্রিয়া এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন। আবার কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে চলেছেন প্রিয়া।
উত্তর প্রদেশের ফতেপুর সিক্রি আসন থেকে কংগ্রেসের হয়ে নির্বাচন লড়ছেন বলিউড তারকা রাজ বাব্বর। এই বলিউড অভিনেতার মোকাবিলা হচ্ছে বিজেপির রাজকুমার চাহরের। ২০০৯ সালে রাজ বাব্বর এ আসন থেকে খুব কম ভোটে হেরেছিলেন। বুথ–ফেরতে জরিপের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে বিজেপির জয় হবে।
ভোজপুরি তথা বলিউড অভিনেতা মনোজ তিওয়ারি ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়ে নির্বাচন লড়েছিলেন। পরে ২০১৪ সালে তিনি বিজিপির প্রার্থী হয়েছিলেন। দিল্লির উত্তর-পূর্ব কেন্দ্র থেকে মনোজ আপ পার্টির প্রার্থী আনন্দ কুমারকে বিপুল ভোটে হারিয়েছিলেন। এবার মনোজের ভাগ্যে কী লেখা আছে, তা সময়ই বলবে।
প্রায় তিন দশক ধরে বিহারের গোরখপুরের ওপর বিজেপির আধিপত্য চলে আসছে। উপনির্বাচনে সমাজবাদী পার্টির (সপা) প্রবীণ নিষাদ এ আসন বিজেপির থেকে ছিনিয়ে নেন। এবার এ আসনে বিজেপি ভোজপুরি তথা বলিউড অভিনেতা রবি কিষণকে প্রার্থী করেছে। আর রবির বিপক্ষে দাঁড়িয়েছেন সপার রামভুয়াল নিষাদ। এ আসনে জোরদার লড়াই হবে। তবে অধিকাংশ বুথ–ফেরত বলছে, রবির জয়ের সম্ভাবনা বেশি।
বলিউডের নামজাদা অভিনেত্রী জয়াপ্রদা দ্বিতীয়বার রাজনৈতিক ক্ষেত্রে নিজের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন। এবার তিনি উত্তর প্রদেশের রামপুর কেন্দ্রে বিজেপির হয়ে নির্বাচন লড়ছেন। এ কেন্দ্রে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন সপা এবং মহাজোটের হেভিওয়েট প্রার্থী আজম খান।
শত্রুঘ্ন সিনহার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী পুনম সিনহা এবার নির্বাচনী ময়দানে নেমেছেন। সমাজবাদী পার্টি লক্ষ্ণৌ থেকে তাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। সবচেয়ে মজাদার ব্যাপার, পুনম সিনহার নির্বাচনী প্রচারে স্বামী শত্রুঘ্ন এবং কন্যা সোনাক্ষী শামিল হয়েছিলেন।
পাঞ্জাবের চণ্ডীগড় একসময়ে কংগ্রেসের দুর্গ ছিল। টানা তিনটি লোকসভা নির্বাচনে কংগ্রেসের পবন কুমার বানসাল জিতে এসেছেন। তবে গত নির্বাচনে বলিউডের দাপুটে অভিনেত্রী তথা অনুপম খেরের স্ত্রী কিরণ খের এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়ী হন। তিনি কংগ্রেসের পবন কুমারকে ৭০ হাজার ভোটে হারিয়েছিলেন। আবার তাঁরা মুখোমুখি। বুথ–ফেরত জরিপ অনুযায়ী, এবার কিরণ অনেক বেশি ভোট পেয়ে জয়ী হবেন।