বলিউড বিতর্কের অর্থ নিতে অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর
সেনাবাহিনীকে রাজনীতিতে জড়ানোর চেষ্টার ঘটনায় ভারতের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও প্রবীণ যোদ্ধারা অসন্তোষ জানিয়েছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের রাজনৈতিক দলটি সম্প্রতি দাবি জানিয়েছে, করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল চলচ্চিত্রে পাকিস্তানি অভিনয়শিল্পীদের চুক্তিবদ্ধ করেছেন যেসব প্রযোজক, তাঁরা যেন সেনাকল্যাণ তহবিলে পাঁচ কোটি রুপি জমা দেন।
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান বলিউডের ওই ছবির একটি চরিত্রে অভিনয় করেছেন। ঘটনাটি নিয়ে সাম্প্রতিক পাক-ভারত সম্পর্কের জেরে বিতর্ক শুরু হয়। এমএসএনের প্রধান রাজ থ্যাকারের তিনটি শর্ত প্রযোজকেরা মেনে নেওয়ার পরই ছবিটি মুক্তি দেওয়ার ‘সুযোগ’ পান। এসব শর্তের একটি হচ্ছে সেনাকল্যাণ তহবিলে পাঁচ কোটি রুপি দান।
সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার বলেন, সেনাকল্যাণ তহবিলে লোকে স্বেচ্ছায় দান করে। চাঁদাবাজির সুযোগ সেখানে নেই। সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে নেওয়ার চেষ্টা দেখে তাঁরা নাখোশ হয়েছেন। কারণ সেনাবাহিনী সম্পূর্ণ অরাজনৈতিক। তাদের রাজনীতিতে জড়ানোর চেষ্টা ঠিক নয়।
ভারতের সাবেক সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন বলেন, তাঁরা এমএনএসের ওই শর্ত পূরণের জবরদস্তি কখনো সমর্থন করবেন না।