ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকে কংগ্রেসের ২৫ সদস্যের বহিষ্কারাদেশ উঠে গেলেও বিরোধীদের অসহযোগিতায় সংসদ গতকাল সোমবারও অচলই রইল। ফলে বিতর্কিত জমি বিল এবং সারা দেশে অভিন্ন কর প্রণয়নের বিল (জিএসটি) এই অধিবেশনে আসছে না। আগামী বৃহস্পতিবার বর্ষাকালীন অধিবেশন শেষ হচ্ছে।
শেষ সপ্তাহের অধিবেশন যাতে ঠিকমতো চলে, সে জন্য সরকারপক্ষ একটা শেষ চেষ্টা করেছিল। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন গতকাল সর্বদলীয় বৈঠক ডাকেন। কংগ্রেস প্রথমে অস্বীকার করলেও পরে যোগ দেয়। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব প্রস্তাব দেন, কংগ্রেসের আনা মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হোক। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর বক্তব্য দিন। তাতে সন্তুষ্ট না হলে কংগ্রেস তাদের আন্দোলন চালু রাখুক। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেই প্রস্তাবে রাজি না হয়ে জানিয়ে দেন, প্রথমে ইস্তফা, তারপর আলোচনা। এই দাবি থেকে তাঁরা সরছেন না।
কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এই প্রসঙ্গে সংসদ ভবন চত্বরে বলেন, সংসদ অবশ্যই চলবে। তবে তাঁর কয়েকটি শর্ত আছে। ললিত মোদি একজন অপরাধী। তাঁকে জেলের বাইরে থাকতে সাহায্য করে সুষমার পরিবার কত টাকা পেয়েছে, দেশকে তার হিসাব দিতে হবে। প্রধানমন্ত্রী ব্যপম নিয়ে চুপ, ললিত কেলেঙ্কারি নিয়েও চুপ। অপরাধীদের প্রশংসা করে যাচ্ছেন। অথচ মুখে নীতির কথা বলেন।
বিজেপি নেতা অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যসভায় অভিযোগ করে বলেন, কংগ্রেসের মূল উদ্দেশ্য জিএসটি বিল এই অধিবেশনে আনতে না দেওয়া। কারণ, সরকার অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাক এটা তারা মানতে পারছে না। জবাবে কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ ও জনতা দল (সংযুক্ত) নেতা শারদ যাদব বলেন, সংসদের অচলাবস্থার জন্য সরকারপক্ষই দায়ী। সংসদকে সচল রাখতে এবং অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী একটাও বৈঠক ডাকলেন না। সহযোগিতার কোনো চেষ্টাই তিনি করেননি।
জেটলির কথায় পরিষ্কার, জিএসটি বিলের আশা এই অধিবেশনে তাঁরা ছেড়ে দিয়েছেন। জমি বিলের আশাও নেই। গতকাল এই বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যুগ্ম সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। চারবার সময় বাড়িয়েও বৈঠকে বিল নিয়ে ঐকমত্য হয়নি। ফলে কমিটির চেয়ারম্যান সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানিয়ে দেন, শীতকালীন অধিবেশনের আগে বিলটি চূড়ান্ত হবে না। বিজেপিও চাইছে না বিহার নির্বাচনের আগে জমি বিল পাস করাতে। সরকারি হিসাব, ৭০ হাজার কোটি রুপির বিনিয়োগ আটকে রয়েছে ওই বিলের কারণে।