বহু আগেই নেতাজির মৃত্যুর কথা মেনে নেয় ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। যাঁরা ভিন্নমত পোষণ করেন, তাঁরা তথ্য-উপাত্তের চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দেন’—এটি ২১ বছর আগে ভারতের মন্ত্রিসভার পর্যবেক্ষণ।
১৯৯৫ সালের ৬ ফেব্রুয়ারি তখনকার প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মন্ত্রিসভা ওই নোট তৈরি করে। ভারত সরকার নেতাজি-সংক্রান্ত যে নথিপত্র প্রকাশ করে, তার মধ্যে এই নোটটিও রয়েছে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, নথির বক্তব্যে স্পষ্ট, সরকার অনেক আগেই মেনে নিয়েছিল নেতাজি জাপান যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান। পরে তাঁর দেহভস্ম টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষণ করা হয়। কিন্তু নিশ্চিত হলেও ভারত সরকার তা ফিরিয়ে আনেনি।
নোটে দেখা গেছে, জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে লেখা চিঠিতে বলেছিলেন, ‘আমার ধারণা, সুভাষ বসুর দেহাবশেষই রেনকোজি মন্দিরে সংরক্ষিত আছে।’
ভারতের মন্ত্রিসভার বিবরণীতে বলা হয়, নেতাজির দেহভস্ম দেশে আনার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তা ফিরিয়ে আনলে পশ্চিমবঙ্গের মানুষ মনে করতে পারে, নেতাজির মৃত্যু হয়েছে—এ সিদ্ধান্ত সরকার তাঁদের ওপর চাপিয়ে দিচ্ছে।
বিজেপি-কংগ্রেস বিবাদ: এদিকে সরকারের প্রকাশ করা ফাইলের মধ্যে থাকা একটি চিঠিকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। সরকারি দল বলেছে, চিঠিটি কংগ্রেস নেতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা। এতে নেহরু নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। কংগ্রেস অভিযোগ করেছে, চিঠিটি জাল। নেহরুর চরিত্র হননই এর উদ্দেশ্য। আর বিজেপি বলেছে, ওই মন্তব্যের জন্য কংগ্রেসের দুঃখ প্রকাশ করা উচিত।