বহু বছর পর কঠিন পরীক্ষায় বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গ্রহণ শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে গতকাল শুক্রবার বিকেলে ভারতের শাসক দল বিজেপি গুজরাটের জন্য যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল, কংগ্রেসের তুলনায় তা নিতান্তই ‘প্রতিশ্রুতিহীন’। এতে বলা হয়েছে, রাজ্যের কৃষকের আয় দ্বিগুণ বাড়ানো হবে। প্রবৃদ্ধির হার থাকবে ঊর্ধ্বগামী।

শেষবেলায় এভাবে নির্বাচনী ইশতেহারের ঘোষণা বিজেপি কখনো করেনি। বিলম্ব নিয়ে রাহুল গান্ধীর খোঁটা, ‘এটা গুজরাটবাসীর অসম্মান’। বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জার পাতিদার নেতা হার্দিক প্যাটেল বলেছিলেন, বিজেপি তাঁকে নিয়ে নোংরা সিডি তৈরিতে ব্যস্ত। ইশতেহার তৈরির সময় তাঁদের নেই।

বিজেপি অবশ্য ইদানীং ‘নির্বাচনী ইশতেহার’-এর বদলে ‘সংকল্পপত্র’ শব্দ ব্যবহার করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই সংকল্পপত্র প্রকাশ করে বলেন, কংগ্রেসের প্রতিশ্রুতি সাংবিধানিক ও অর্থনৈতিক দিক দিয়ে পালন করা অসম্ভব। কংগ্রেসের সবচেয়ে বড় প্রতিশ্রুতি, ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে সমস্ত কৃষিঋণ মওকুফ ও পাতিদারদের (প্যাটেল) জন্য শিক্ষা ও চাকরিক্ষেত্র সংরক্ষণ।

আজ শনিবার সকাল থেকে শুরু হচ্ছে রাজ্যের ১৮২ আসনবিশিষ্ট বিধানসভার মধ্যে ৮৯টির ভোট গ্রহণ। এই রাজ্যের পশ্চিম প্রান্তের কচ্ছ ও সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে ভোট। বাকি ৯৩টি আসনের ভোট ১৪ ডিসেম্বর। ফল প্রকাশ ১৮ ডিসেম্বর। ওই দিন এক মাস আগে হয়ে যাওয়া হিমাচল প্রদেশের ভোটের ফলও প্রকাশিত হবে।

বিধানসভার গত পাঁচটি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতেছে। টানা ২২ বছর তারা এই গুজরাটের ক্ষমতায়। কিন্তু এবারই প্রথম তারা কঠিন পরীক্ষার মুখে। বিজেপির চিরকালীন সমর্থক প্যাটেলরা দ্বিধাবিভক্ত। সংরক্ষণের দাবিতে রাজ্য উত্তাল করে তোলা হার্দিক প্যাটেল হাত মিলিয়েছেন কংগ্রেসের সঙ্গে। হাত মিলিয়েছেন দলিত নেতা জিঘ্নেশ মেওয়ানি ও তফসিলি নেতা অল্পেশ ঠাকোরও। সর্বশেষ জরিপ অনুযায়ী, দুই দলেরই সম্ভাব্য প্রাপ্ত ভোটের পরিমাণ ৪৩ শতাংশ করে। অর্থাৎ জেতার সম্ভাবনা দুই পক্ষেরই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ দুজনেরই রাজ্য গুজরাট। কাজেই দুজনের কাছে ভোটের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি, কংগ্রেসের প্রচারের প্রধান দায়িত্ব এবার নিজের কাঁধে নিয়েছেন রাহুল গান্ধী। ভোটের প্রচারের মাঝেই তাঁর কংগ্রেস সভাপতি হওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে। মোদি ইতিমধ্যে ১৫টি জনসভায় ভাষণ দিয়েছেন। রাহুলও সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে সাত দিন প্রচার চালিয়েছেন। শাসক দলের হয়ে গুজরাট ঘুরে গেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্তত ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপির ফল আশানুরূপ না হলে আগামী বছর কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ভোটে তার প্রভাব পড়ার সম্ভাবনা। প্রশ্ন উঠবে মোদি-শাহ জুটি নিয়ে। নির্বাচনী ইশতেহারের প্রচ্ছদে ছবি এই দুজনেরই। সেখানে লেখা, ‘প্রত্যেক গুজরাটির এক কথা, আমি বিকাশ, আমিই গুজরাট’। সামাজিক মাধ্যমে কংগ্রেসের স্লোগান, ‘বিকাশ পাগল হয়ে গেছে’।