বহুত্ববাদ ও সহিষ্ণুতাই ভারতের প্রাণ: প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণব মুখার্জি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
প্রণব মুখার্জি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ‘বহুত্ববাদ ও সহিষ্ণুতাই ভারতের প্রাণ। ধর্মনিরপেক্ষতা ও অন্তর্ভুক্তি আমাদের বিশ্বাসের বিষয়। অন্তর্ভুক্তিই হলো জাতীয়তাবাদের মূল কথা।’

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার সংগঠনের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রণব মুখার্জি এসব কথা বলেন।

আরএসএসের এই অনুষ্ঠানে প্রণব মুখার্জি যোগ দিতে রাজি হওয়ার পর থেকে এ নিয়ে ভারতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে বড় ধাক্কা খেয়েছে প্রণবের পাঁচ দশকের রাজনৈতিক দল কংগ্রেস।

গতকাল আরএসএসের অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রণব মুখার্জিকে স্বাগত জানান সংগঠনটির প্রধান মোহন ভগত। প্রণব মুখার্জি তাঁর বক্তব্যে বলেন, ‘সহাবস্থানই হলো আমাদের জাতীয় পরিচয়। ভারতের জাতিসত্তা কেবল একটি ভাষা, একটি ধর্ম, একটি শত্রু নিয়ে নয়, এটি ১৩০ কোটি মানুষের চিরঞ্জীব সর্বজনীনবোধকে নিয়ে। এই ১৩০ কোটি মানুষ ১২২টি ভাষায়, ১ হাজার ৬০০ উপভাষায় কথা বলে। সাতটি বড় ধর্মের অনুসারী রয়েছে। রয়েছে তিনটি বড় জাতিগোষ্ঠী। তারা সবাই একটি ব্যবস্থা, একটি পতাকা এবং একটি পরিচয় নিয়ে জীবনযাপন করে, সেই পরিচয় হলো ভারতীয়।’

ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘রাজনৈতিক কর্মী ও আইনপ্রণেতা হিসেবে ৫০ বছরের জীবনে আমি বহুত্ববাদকে বুঝেছি। আমাদের মিশ্র সংস্কৃতি, এক সত্তা।’

কংগ্রেস সূত্র বলেছে, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর নির্দেশেই প্রণবের সমালোচনা করছেন দলটির নেতারা। দলটির জ্যেষ্ঠ নেতা আহমেদ প্যাটেল গতকাল টুইট করেন, ‘প্রণবদার কাছ থেকে আমি এমনটা প্রত্যাশা করিনি।’