বাংলা ও তামিল শিখছেন বিজেপির অমিত শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিত শাহ
অমিত শাহ

রীতিমতো পেশাদার শিক্ষক রেখে বাংলা ও তামিল শিখছেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিভিন্ন দলীয় কর্মসূচি বাংলাতেই বাঙালির কাছে পৌঁছে দিতে চান অমিত শাহ।

ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মানুষের কাছে দলীয় বক্তব্য তাদের ভাষায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ দুটি ভাষা শিখছেন তিনি। ভাসা–ভাসা ভাষাজ্ঞানে যে কাজ হবে না, তা বুঝেই পেশাদার শিক্ষক রেখে নিয়মিত বাংলা ও তামিল চর্চায় মন দিয়েছেন।

দেশজুড়ে ১৮টি রাজ্যে বিজেপি বা তাঁদের সহযোগীরা ক্ষমতায়। ভারতে রয়েছে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। ২০১৯ সালে হবে যাচ্ছে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন। ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিজেপি। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে এককভাবে জিতে নিয়েছিল ২৮২টি আসন। সেই জনপ্রিয়তা ২০১৯ সালে ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয়ের সৃষ্টি হয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিল, জিএসটি চালু ও আধার কার্ড নিয়ে দেশব্যাপী বিতর্ক রয়েছে।

এসব দিক বিবেচনা করে ও বিরোধীদের জবাব দিতে নতুন করে মাঠে নেমেছে বিজেপি। বিজেপি এখনো পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে ঘাঁটি গাড়তে পারেনি। এই দুটি রাজ্যে ৫৪৩ আসনের লোকসভায় যথাক্রমে ৪২ ও ৩৯টি আসন রয়েছে। বিজেপি তাই চেষ্টা করছে এই দুই রাজ্যে দলকে শক্তিশালী করতে। সেই লক্ষ্যে এই দুই রাজ্যের ভোটারদের পাশে পাওয়ার জন্য বাংলা ও তামিল শিখতে শুরু করেছেন অমিত শাহ।