বাংলাদেশ থেকে নদী খননের শিক্ষা নেবে আসামের প্রকৌশলীরা
বাংলাদেশ থেকে নদী খননের শিক্ষা নেবেন ভারতের আসাম রাজ্যের প্রকৌশলীরা। রাজ্যের দুটি প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকে খনন চালানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। বন্যার হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে ছোট নদীগুলোরও সংস্কার করবে আসাম সরকার।
উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য আসামে পাহাড় আর নদীর অভাব নেই। প্রকৃতি দুহাত ভরে রাজ্যটিকে সাজিয়ে তুলেছে অপ্রতুল প্রাকৃতিক ভান্ডারে। কিন্তু প্রকৃতিই এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। চলতি মৌসুমে বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯৮ জন। বহু এলাকা এখনো পানের নিচে।
আসামে এখন পর্যন্ত ১২ হাজার ২৬৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
পরিস্থিতি বেশ ভয়াবহ। মঙ্গলবার রাজ্য বিধানসভায় স্বীকার করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাজ্য সরকার আগেই ঠিক করেছিল ব্রহ্মপুত্র নদে খনন চালাবে। এদিন জানানো হলো বরাক নদীতেও খননকাজ চালাবে সরকার।
মুখ্যমন্ত্রীর মতে, নদীর গভীরতা কমে যাওয়াই বন্যার বড় কারণ। তাই নদী সংস্কারে গুরুত্বারোপ করছে রাজ্য সরকার। চলতি বছরেই ছয়টি ড্রেজার কেনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী নিজেই জানান, রাজ্যের প্রকৌশলীদের বিশেষ প্রশিক্ষণের জন্য বাংলাদেশে পাঠানো হবে। তাঁর মতে, বাংলাদেশের প্রকৌশলীরা নদী খননে অনেক বেশি অভিজ্ঞ।
আসামের জলসম্পদ বিকাশমন্ত্রী কেশব মহন্ত জানান, শুধু নদী সংস্কারই নয়, বাংলাদেশের সঙ্গে নৌ সংযোগ স্থাপনেও আগ্রহী তাঁরা। তবে এর আগে নদীগুলোর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রয়োজনে ভারত-বাংলাদেশ যৌথ নদী সংস্কারের পক্ষেও ভারত সরকারের কাছে আসাম সরকার আরজি জানাবে বলে মহন্ত জানিয়েছেন।