বাংলাদেশ, পাকিস্তান সীমান্তে 'স্মার্ট বেড়া' দেবে ভারত
হেঁটে সীমান্ত পাহারা দেওয়ার ধারণা থেকে বের হয়ে আসতে যাচ্ছে ভারত। ২০১৭ সালের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে বহুধাপের ‘স্মার্ট বেড়া’ দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। বিশ্বের নামকরা ২০টি প্রতিষ্ঠান এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক কে কে শর্মা এ কথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়া হয়ে গেছে। এখন সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে কাজ করছে বিএসএফ। এর জন্য পুরো ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে।
কে কে শর্মা বলেন, দ্রুতই দেশের অন্যতম দুই স্পর্শকাতর সীমান্তে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হবে। এর ফলে হেঁটে সীমান্ত পাহারা দেওয়ার পুরোনো ধারণার বদল আসবে। তখন কেউ অবৈধ পথে সীমান্ত পেরোনোর চেষ্টা করলেই সীমান্ত বাহিনীর কন্ট্রোল রুমে লাগানো রাডারের সংকেত বেজে উঠবে। ফলে সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সুনির্দিষ্টভাবে ব্যবস্থা নিতে পারবেন। কে কে শর্মা জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধেই পাঁচিল তোলা শেষ করা যাবে।
বিএসএফের মহাপরিচালক বলেন, ‘আমরা সীমান্ত বেড়া আধুনিকায়ন করতে নানা পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যে ২০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর কারিগরি দিক মূল্যায়ন করছে। আগামী বছরের শেষ দিকে এর এই পদক্ষেপ বাস্তব রূপ পেতে পারে। জম্মুকে দুটি এবং গুজরাট ও পাঞ্জাবে একটি করে পাইলট প্রকল্প শুরু হয়েছে।’
ভারতের সীমান্তরক্ষী বাহিনীতে রয়েছেন প্রায় আড়াই লাখ সদস্য। আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা চালু হলে তাঁরাই সবচেয়ে লাভবান হবেন। কে কে শর্মা বলেন, মানুষ হিসেবে অনেক সীমাবদ্ধতা আছে। প্রযুক্তি যোগ হলে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে জঙ্গি হামলা রুখতে ও দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে নিরাপদ করতেই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক সুরক্ষাব্যবস্থা করছে ভারত।