বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবির। প্রথম আলো ফাইল ছবি
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থীশিবির। প্রথম আলো ফাইল ছবি

রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার অঙ্গীকার করল ভারত। এই সহায়তার একটি দিক শরণার্থীদের জন্য সব ধরনের মানবিক সাহায্য, অন্য দিকটি সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর।

দুদিনের সফরে শহীদুল হক গত মঙ্গলবার রাতে ভারতে আসেন। আগামীকাল শুক্রবার সকালে বাংলাদেশ হাইকমিশনে এই সফর নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলবেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের আগে শহীদুল হক দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।
রোহিঙ্গা শরণার্থী সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার পর বাংলাদেশের পররাষ্ট্রসচিবের এটাই প্রথম ভারত সফর। এ সমস্যার সুষ্ঠু মোকাবিলার বিষয়টিই দুই সচিবের মধ্যে আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও এটাই ছিল প্রধান আলোচ্য বিষয়।
রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশ ও ভারতের দুশ্চিন্তার একটি প্রধান কারণ রোহিঙ্গাদের একাংশের মধ্যে সন্ত্রাসবাদী আচরণের প্রবণতা। দুর্দশার সুযোগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন যে রোহিঙ্গাদের মধ্যে প্রভাব বাড়িয়ে চলেছে, তার নানা প্রমাণ দুই দেশের কাছে রয়েছে। কীভাবে এর মোকাবিলা করা যায়, সে বিষয়ে একটি যৌথ উদ্যোগের প্রস্তাব বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যেই বিবেচিত হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, অজিত দোভালের সঙ্গে আলোচনায় এ প্রস্তাবটি বড় হয়ে উঠে এসেছে। এ ক্ষেত্রে দুই দেশ নিজেদের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান করবে।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকও এই মুহূর্তে দিল্লিতে চলছে। রোহিঙ্গা শরণার্থীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে চলে না আসে, বাংলাদেশকে তা নিশ্চিত করতে বলেছে ভারত। এ লক্ষ্যে দুই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিডিআরের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও তথ্যের আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধানের বিষয়টিও দুই পররাষ্ট্রসচিবের বৈঠকে আলোচিত হয়। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকারের মনোভাব আগের তুলনায় যে কিছুটা নমনীয়, সে বিষয়ে বাংলাদেশ ও ভারত একমত। দুই দেশই একমত, মিয়ানমার যাতে শরণার্থীদের ফেরত নেয়, সে জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন। দুই দেশ এ ক্ষেত্রে নিজেদের মতো করে সচেষ্ট হলেও একটি সমন্বয় রেখে চলা হবে। ভারত ও বাংলাদেশ দুই দেশই মনে করে, বিষয়টি যথেষ্টই জটিল ও স্পর্শকাতর। মিয়ানমারে গণতন্ত্র বহাল রেখে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি গ্রহণের মাধ্যমে সমাধান কীভাবে সম্ভব, সে লক্ষ্যেই এগোতে হবে।
চলতি মাসের চতুর্থ সপ্তাহে দুই দেশের যুগ্ম পরামর্শদাতা কমিশনের (জেসিসি) বৈঠকে ঢাকায় যাওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। সেই বৈঠকের দিন ও কর্মসূচি নিয়েও দুই পররাষ্ট্রসচিবের মধ্যে আলোচনা হয়।