বাংলাদেশি ইস্যুতে গরম আসামের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) তালিকায় বাংলাদেশিদের নাম অন্তর্ভুক্তির আশঙ্কায় সেখানের রাজনৈতিক পরিস্থিতি এখন গরম। চলছে বিতর্ক। রাজনীতিকেরা পরস্পরকে দোষারোপ করে চলেছেন।

৩০ জুলাই এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে বংশবৃক্ষ যাচাইয়ের কাজ চলছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

এনআরসি তালিকা প্রকাশের আগে বাংলাদেশি ইস্যুতে সুর চড়াচ্ছে অসমিয়া জাতীয়তাবাদীরাও। অসম সম্মিলিত মহাসংঘের কার্যকরী সভাপতি এ এস এম মতিউর রহমান সেনা নামিয়ে বিদেশি মুক্ত করার ডাক দিয়েছেন।

গতকাল রোববার মরিগাঁও থেকে এক বিবৃতি তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ইন্দিরা গান্ধীই প্রথম বাংলাদেশিদের অনুপ্রবেশের রাস্তা খুলে দেন।

এনআরসি নিয়ে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব আশঙ্কা প্রকাশ করেছেন, বহু বাংলাদেশি মুসলিমের নাম তালিকায় থাকবে। কারণ হিসেবে তিনি একশ্রেণির দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মীদের দায়ী করেন।

শিলাদিত্য দেবের এই মন্তব্যের পাল্টা জবাবে তাঁকেই বাংলাদেশি বলে দাবি করেছেন আসামের কৃষক সভার নেতা অখিল গগৈ।

অখিলেরও দেশাত্মবোধকে কটাক্ষ করে আসাম রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস বলেছেন, ‘প্রকাশ্যে অখিল ১০০ বার বলুক ভারত মাতা কী জয়! আমি রাজনীতি ছেড়ে দেব।’

কংগ্রেসের বিধায়ক সিদ্দিকি আহমেদের আশঙ্কা, বৈধ ভারতীয় নাগরিকদের নাম বাদ গেলে বড় ধরনের গোলমাল বাধবে। তিনি বরাক উপত্যকায় হিন্দু বাঙালিদের সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গাদের তুলনা করেছেন।

সব মিলিয়ে আসামে অশান্তির পূর্বাভাস দিন দিন প্রকট হচ্ছে। ৩০ জুলাইয়ের কাউন্টডাউন চলছে চরম অনিশ্চয়তার মধ্যে।

এদিকে আসামের বাঙালিদের দুর্দশার কথা লিখে বিপাকে পড়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে গুয়াহাটির দিসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অসমিয়া গণমাধ্যমে চলছে তাঁর ‘মিডিয়া ট্রায়াল’।

কলকাতা থেকে প্রকাশিত আজকাল পত্রিকায় ‘অসমে বাঙালীর শরশয্যা’ শিরোনামে প্রবন্ধ লেখেন তপোধীর ভট্টাচার্য। তিনি শরশয্যা (তির দ্বারা প্রস্তুত শয্যা) শব্দটির মাধ্যমে আসামে বসবাসকারী বাঙালিদের দুর্দশার চিত্র তুলে ধরেন। এনআরসির নামে ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের ওপর অসমিয়া ‘আধিপত্যবাদীদের’ বিদ্বেষী মনোভাব নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সরব।

তপোধীর ভট্টাচার্যের বিরুদ্ধে গতকাল দিসপুর থানায় মানস চালিহা নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে আজ সোমবার সকালে মুঠোফোনে তপোধীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে আসামে। নাৎসি বাহিনীও হার মানবে অসমিয়া আধিপত্যবাদীদের কাছে। তবু আমার কলম চলবেই। কেউ থামাতে পারবে না।’

অসমিয়া সাহিত্য সভার পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, আসামে থাকতে হলে স্থানীয় ভাষাতেই কথা বলতে হবে।

সাংবাদিকদের কাছে সাহিত্য সভার সভাপতি প্রমণানন্দ রাজবংশী দাবি তোলেন, স্থানীয় ভাষায় কথা বলতে না পারলে এখানে কাজ করতে দেওয়া চলবে না।