বাংলাদেশির সততায় মুগ্ধ ত্রিপুরার বিষ্ণু
বাংলাদেশিদের সততায় মুগ্ধ ভারতের ত্রিপুরা। শোকের মধ্যেও পুলিশ থেকে সাধারণ মানুষ সকলেই প্রশংসা করছেন আখাউড়ার বাসিন্দাদের সততার।
ঘটনা গতকাল বুধবারের। ওই দিন দুপুরে আগরতলায় দুর্গাপূজার আচার-অনুষ্ঠান পালন করতে গিয়ে হাওড়া নদীতে পড়ে যান স্থানীয় গৃহবধূ নিয়তি সাহা (৪৫)। তিনি সাঁতার জানতেন না। অন্যরা চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। নদীর স্রোত টেনে নিয়ে যায় বাংলাদেশের ভেতরে।
খবর জানাজানি হতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খবর পাঠায় বিজিবির কাছে। বাংলাদেশের ভেতরে তিন কিলোমিটার দুরে বুধবার এক নারীর লাশ উদ্ধারের খবর পৌঁছায় বিএসএফের কাছে। নিয়তির বাড়ির লোকের দেওয়া বিবরণের সঙ্গে লাশটির বিবরণও মিলে যায়।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি কর্মকর্তারা সীমান্তে বিএসএফের হাতে তুলে দেন নিয়তির লাশ। নিয়তির স্বামী বিষ্ণু সাহাই লক্ষ্য করেন তাঁর স্ত্রীর গলায় দামি সোনার হারটি অক্ষত রয়েছে। নদীর পারে লাশ উদ্ধারের সময় বাংলাদেশের গ্রামবাসীরা কেউই হারটি স্পর্শ করেননি।
দুই সন্তানের জননী নিয়তিকে হারিয়ে শোকাতুর বিষ্ণু জানান, বাংলাদেশিদের সততায় তিনি মুগ্ধ। প্রশংসা করলেন বিএসএফ ও পুলিশ কর্মকর্তারাও। তাঁদের মতে, গ্রামবাসীরা বাংলাদেশের প্রতি অন্যদের শ্রদ্ধা আরও বাড়িয়ে দিলেন।