বাংলাদেশে ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্প আছে, দাবি মানিক সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, বাংলাদেশের ভেতর ত্রিপুরার জঙ্গিগোষ্ঠীর ক্যাম্প এখনো আছে। তাঁর দাবি, জঙ্গিরা সীমান্তে বাংলাদেশের নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সীমান্তের প্রত্যন্ত অঞ্চল ব্যবহার করছে।

ভারতের ডেকান ক্রনিকলের অনলাইনে একটি খবরে এ কথা বলা হয়েছে।

অবশ্য তিনি এ-ও বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার তাদের দেশের ভেতরে থেকে ভারতের জঙ্গিগোষ্ঠী যেন কোনো অঘটন ঘটাতে না পারে সে জন্য ব্যবস্থা নিচ্ছে, তারপরও কিছু ক্যাম্প সীমান্ত এলাকায় রয়ে গেছে।

মানিক সরকার বলেন, কয়েক বছর আগে জঙ্গিরা যে সমস্যা তৈরি করেছিল, তা আর এখন নেই। তবে এ নিয়ে আত্মতুষ্টিরও সুযোগ নেই, কেননা বাংলাদেশের সীমান্তে ওই জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি রয়েই গেছে। যদিও এরা সংখ্যায় খুব বেশি নয়, তারপরও ক্ষতি করতে এরা শক্তি সঞ্চয় করছে।

গতকাল বুধবার ত্রিপুরায় পুলিশ সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ ও পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের সম্মাননা প্রদানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্প থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ প্রথম আলোকে বলেছেন, এ ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য নেই।

এর আগে গত বছর টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভায় দেওয়া বক্তব্যে বলেছেন, বাংলাদেশের ভেতর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর শিবির রয়েছে। তবে ত্রিপুরার ভেতরে এখন আর তাদের কোনো আস্তানা নেই।

ত্রিপুরার বিধানসভায় দেওয়া ওই বক্তব্যে মানিক সরকার বলেন, ‘ত্রিপুরায় এখন আর বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠীর কোনো শিবির বা আস্তানা নেই। তবে সীমান্তবর্তী বাংলাদেশ এলাকায় তাদের কিছু শিবির রয়েছে।’ তিনি বলেন, ২০১৩-১৪ সালে ত্রিপুরায় বিচ্ছিন্নতাবাদীরা ১২টি জঙ্গি হামলা ঘটিয়েছে। এসব ঘটনায় চারজন নিহত, দুজন আহত ও ১৮ জন অপহৃত হন। ১৮ জনের ১৬ জন পরে ছাড়া পান। তিনি বলেন, ‘এ বছর এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো খবর নেই। জঙ্গি সদস্যদের বড় একটি অংশ সরকারের কাছে আত্মসমর্পণ করেছে।’

পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের ৪ হাজার ৯৫ কিলোমিটার এলাকাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। সীমান্ত এলাকায় জঙ্গিদের যাতায়াত ও অপরাধ নিয়ন্ত্রণে এলাকায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে ও ফ্লাড লাইট বসিয়েছে।

মানিক সরকার বলেছেন, নানা কারণে ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্ত এলাকায় কাজটি সম্পূর্ণ করা যায়নি। তিনি বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের যে ৮৫৬ কিলোমিটার সীমান্ত, সেখানে ১১৫ কিলোমিটারের কিছু বেশি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়েছে। নানা কারণে কাজটা শেষ করা যায়নি। কারণগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আপত্তি অন্যতম।’