বাংলাদেশে ফেরত না পাঠাতে 'বোমারু' মিজানের আকুতি

ভারতের পশ্চিমবঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কাওসার ওরফে ‘বোমারু’ মিজান তাঁকে বাংলাদেশে ফেরত না পাঠাতে আকুতি জানিয়েছেন বলে জানা গেছে। সূত্র মতে, ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) জিজ্ঞাসাবাদের সময় মিজান এ আবেদন জানান। তিনি বলেন, বাংলাদেশে ফেরত পাঠালে তাঁর ফাঁসি হতে পারে।
ওই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে মিজানকে। এনআইএ ৬ আগস্ট ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর রামনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বলা হয়, ৩৮ বছর বয়সী এই ‘বোমারু’ মিজান ছিলেন খাগড়াগড়-কাণ্ডের মাস্টারমাইন্ড এবং নিষিদ্ধ জেএমবির শীর্ষ নেতা। মিজানকে ধরিয়ে দেওয়ার জন্য এনআইএ ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে।
এনআইএর গোয়েন্দারা মিজানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। ২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের কাছে খাগড়াগড়ের একটি ভাড়া বাড়িতে বোমা তৈরির জন্য বানানো কারখানায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে দুজন জেএমবি জঙ্গির মৃত্যু হয়। ওই ঘটনার পর প্রকাশিত হয়, বাড়িটি ছিল জেএমবির অস্ত্র কারখানার ঘাঁটি। ওখানেই তৈরি হতো গ্রেনেড ও বোমা। তা পাঠিয়ে দেওয়া হতো বাংলাদেশে। আর তার প্রধান কারিগর ছিলেন এই ‘বোমারু’ মিজান।
মিজান ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামিলা চালিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে দুই জঙ্গিসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় দুই সঙ্গী মারা গেলেও মিজান চোরাই পথে ভারতে এসে আত্মগোপন করেন।
গ্রেপ্তারের পর মিজান বুঝতে পারেন, ভারত সরকার তাঁকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ ফিরিয়ে দিতে পারে। এনআইএর জিজ্ঞাসাবাদে মিজান আবেদন জানান, তাঁকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। ভারতেই যেন তাঁর বিচার হয়। বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাঁকে ফাঁসি দিয়ে মারা হবে। মিজান বলেন, তিনি সব কথাই এনআইএকে জানাবেন।
এনআইএ এখন মিজানের কাছে জানতে চাইছে, কীভাবে তিনি ‘বই-বোমা’ ও ‘ফ্লাস্ক-বোমা’ তৈরি করেন। কারণ, এনআইএ জানতে পেরেছে, মিজান বই-বোমা ও ফ্লাস্ক-বোমা তৈরির জন্য ১৫০ জন বাংলাদেশি যুবককে প্রশিক্ষণ দিয়েছেন।