বাংলাদেশের সিলেটের শিববাড়ির আতিয়া মহলের বাইরে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রোববার টুইটারে এক বার্তায় তিনি বলেছেন, এ ঘটনায় আমি বাংলাদেশের ভাইদের পাশেই আছি।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে জঙ্গিবিরোধী অভিযান শুরুর পর শনিবার সন্ধ্যায় অভিযান নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন শেষ হতে না-হতেই আতিয়া মহলের অদূরে দুটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আতিয়া মহলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। এর মধ্যে অন্তত চারটি বিস্ফোরণ খুবই শক্তিশালী। অভিযানের মধ্যে বোমা হামলায় আহত ৪৩ জন বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আজ রোববার সন্ধ্যার একটু আগে ঘটনাস্থলের কাছে পাঠানবাড়ি মসজিদের কাছে সংবাদ ব্রিফিংয়ে সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, কমান্ডো অভিযানে সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে দুই জঙ্গি নিহত হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করতে হচ্ছে। তাই অভিযান কবে শেষ হবে, সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তিনি জানান, জঙ্গিরা অস্ত্র-শস্ত্রে সুসজ্জিত।
এসব ঘটনার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি বাংলাদেশের ভাইদের পাশে আছি।’