বাংলাদেশের শ্রোতাদের জন্য 'আকাশবাণী মৈত্রী'
ভারত ও বাংলাদেশের বন্ধনকে আরও সুদৃঢ় করতে আজ মঙ্গলবার কলকাতায় উদ্বোধন হয়েছে নতুন বহির্দেশীয় বাংলা বেতারকেন্দ্র ‘আকাশবাণী মৈত্রী’। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কলকাতার রাজভবনে (গভর্নর হাউস) আনুষ্ঠানিকভাবে এই বেতারকেন্দ্রটির উদ্বোধন করেন।
প্রণব মুখার্জি বলেন, ‘আজকের এই ঐতিহাসিক দিনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আকাশবাণীর এটি এক অভিনব প্রয়াস। আকাশবাণী মৈত্রীর এই সূচনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে। এই প্রয়াস বিশ্বের বাংলাভাষীদের কাছে নতুন দিগন্তের সূচনা করবে।’
ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অভিন্ন ইতিহাস, ভাষা ও সংস্কৃতি রয়েছে। দুই দেশের সমৃদ্ধি ও বিকাশের জন্য আকাশবাণী মৈত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি নিশ্চিত, আকাশবাণী মৈত্রী আমাদের মন জয় করবে। কৃষি, শিক্ষা, গবেষণা, চারুকলা, শিল্প, প্রযুক্তি ও বিজ্ঞানের অভিজ্ঞতার বিনিময় হলে দুই দেশই উপকৃত হবে। আমি নিশ্চিত, আকাশবাণী মৈত্রীর এই প্রয়াস বিশ্বের বাংলাভাষীদের কাছে পৌঁছাবে।’
প্রণব মুখার্জি বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা এবং সেই দিনের আকাশবাণীর ভূমিকার কথা আজও মানুষের মনে গ্রথিত হয়ে আছে। সার্কের উন্নয়নের জন্য ভারত ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে।
দিল্লির আকাশবাণীর বহির্দেশীয় পরিষেবা বিভাগের পরিচালক অম্লান জ্যোতি মজুমদার প্রথম অলোকে বলেছেন, এই নতুন রেডিও স্টেশনটি গড়া হয়েছে মূলত বাংলাদেশের শ্রোতাদের জন্য। প্রতিদিন ১৬ ঘণ্টা করে প্রচার করা হবে বাংলা অনুষ্ঠানমালা।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, প্রসার ভারতীর প্রধান নির্বাহী (সিইও) জহর সরকার, অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক ফৈয়াজ শাহরিয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা।