বাংলাদেশের 'শিক্ষা ও চিকিৎসার' বাজার ধরতে চাইছেন বিপ্লব কুমার দেব

ত্রিপুরাকে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে ত্রিপুরার নতুন সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরা এ কথা বলছেন।
রাজ্যের নতুন সরকারের আশা, প্রতিবেশী বাংলাদেশের সাতটি জেলার শিক্ষার্থীদের পাশাপাশি অসুস্থ মানুষও ত্রিপুরায় ভালো পরিকাঠামো পেলে চেন্নাই বা ভারতের অন্যান্য শহরের তুলনায় ত্রিপুরাকেই বেশি পছন্দ করবে।
ত্রিপুরার গোমতী জেলায় গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব। সেখানে তিনি বলেছেন, ‘রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য হাব তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার। ভিনরাজ্য বা প্রতিবেশী বাংলাদেশ থেকে মানুষ এখানে আসবেন পড়াশোনা বা চিকিৎসার জন্য। এ লক্ষ্যে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহ রায়। তিনি স্বাস্থ্য ও শিক্ষা পর্যটন বিকাশের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের কথা বলেন।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথও বাংলাদেশের বাজার ধরার প্রয়োজনীয়তার কথা একাধিকবার বলেছেন।
বিপ্লব কুমার দেব মাদকবিরোধী অভিযানের কথা বলেন। তিনি বলেন, গাঁজা ও মাদক কারবারিরা ত্রিপুরার পাশাপাশি বাংলাদেশেরও ব্যাপক ক্ষতি করছে। বাংলাদেশের যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যেতে বসেছে ইয়াবা আর ফেনসিডিলের নেশায়। এটা বন্ধ করতেই হবে। তাঁর সরকারের এ উদ্যোগে খুশি বাংলাদেশ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাঁর সরকার শূন্য সহনশীলতা দেখাবে।
ত্রিপুরায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেখানকার পুলিশ। রাজ্য সরকার গাঁজা চাষ বন্ধ করতে সচেষ্ট হয়েছে।