বাইসাইকেল নিয়ে বাবা-ছেলের লড়াই

ইতালির পরিচালক ভিট্টোরিয় ডি সিকার অমর চলচ্চিত্র ‘বাইসাইকেল থিফ’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভঙ্গুর আর্থসামাজিক অবস্থার এক নিটোল চিত্র এটি। ওই প্রেক্ষাপটে একটি দরিদ্র পরিবারকে ঘিরে চলচ্চিত্রের কাহিনি। সেখানে দেখা যায়, অনেক কষ্টে কেনা একটি বাইসাইকেল খুঁজতে দরিদ্র বাবা তাঁর ছেলেকে নিয়ে বের হয়ে পড়েন। পরিবারের এই সম্পদ ফিরে পাওয়ার চেষ্টা বিফলে গেলে বাবা রাস্তায় থাকা একটি সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে ধরা পড়েন। ছেলের সামনেই নিগৃহীত হতে হয় বাবাকে। লজ্জিত, অসহায় বাবা কাঁদতে থাকা তাঁর ছেলের হাত ধরে মিশে যান জনারণ্যে। একটি হারিয়ে যাওয়া বাইসাইকেলকে ঘিরে বাবা-ছেলের অমলিন ভালোবাসা মূর্ত হয়ে ওঠে।
‘বাইসাইকেল থিফ’–এর একেবারে উল্টো ঘটনা ঘটছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। এক সাইকেল নিয়ে সেখানে বাবা-ছেলের দ্বন্দ্ব চরমে। বাবা মুলায়ম সিং যাদব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা। তাঁরই ছেলে অখিলেশ যাদব এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাবার হাত ধরেই ছেলে এসেছিলেন রাজনীতিতে। তবে আগামী বিধানসভা নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জেরবার ক্ষমতাসীন এ দলটি। ইতিমধ্যে বাবা ও ছেলে একে অন্যকে দলকে বহিষ্কার করেছেন। এখন দলের নির্বাচনী প্রতীক বাইসাইকেল কোন অংশের হাতে থাকবে, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে ধরনা শুরু হয়েছে। সাইকেল নিয়ে শুরু হয়েছে টানাহেঁচড়া।
অখিলেশ আগামী নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চান। এতে মুলায়মের প্রবল আপত্তি। মুলায়মকে এ অবস্থানে আরও উসকে দিচ্ছেন পাশাপাশি তাঁর ছোট ভাই শিবপাল যাদব এবং অখিলেশের বিরোধী বলে পরিচিত দলীয় নেতা অমর সিং। তাঁর বিরুদ্ধে অখিলেশপন্থীদের অভিযোগ, তিনিই মুলায়মকে অখিলেশের বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত শুক্রবার অখিলেশ ও রাম গোপাল যাদবকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন মুলায়ম। শনিবার অখিলেশকে আবার দলে নেওয়ার ঘোষণা দিলেও রাম গোপালের বহিষ্কারাদেশ বহাল রাখেন তিনি। এরপর গত রোববার ঘটনা নাটকীয় মোড় নেয়। ওই দিন রাজ্যের রাজধানী লক্ষ্ণৌতে দলের জাতীয় কমিটির নেতাদের বৈঠক ডাকেন অখিলেশ যাদব। ওই বৈঠক মুলায়ম সিং যাদবের চাচাতো ভাই রাম গোপাল যাদব অখিলেশকে দলের সর্বভারতীয় সভাপতি এবং মুলায়মকে অখিলেশের ‘প্রধান পৃষ্ঠপোষক’ ঘোষণা করেন। রাম গোপালের প্রস্তাব বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়। ওই সেখানে অখিলেশ বলেন, ‘সারা দেশের জানা উচিত আমি নেতাজিকে (মুলায়ম সিং যাদব) আগের চেয়েও বেশি শ্রদ্ধা করব...যদি কেউ নেতাজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে আমার দায়িত্ব হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
এরপরই মুলায়ম সিং যাদব এবং শিবপাল যাদব বৈঠক করেন। মুলায়ম এই ‘অসাংবিধানিক’ বৈঠক ডেকে ‘বেআইনি’ সিদ্ধান্ত ঘোষণার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া ৫ জানুয়ারি দলের নীতিনির্ধারকদের জরুরি বৈঠকেরও ঘোষণা আসে। খবর শুনে গতকালই লন্ডন থেকে অমর সিং দেশের পথে রওনা হন।
গতকাল সোমবার মুলায়ম চলে যান রাজধানী নয়াদিল্লিতে। সেখানে গিয়ে দলীয় প্রতীক সাইকেল যেন তাঁকেই বরাদ্দ করা হয় তার দাবি জানান। আজই মঙ্গলবার আবার অখিলেশের উপদেষ্টা রামগোপাল যাদব নয়াদিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচনী প্রতীক বাইসাইকেলের প্রতি দাবি জানিয়ে আসেন। তিনি দাবি করেন, দলীয় ৯০ শতাংশ বিধায়ক এবং সাংসদ অখিলেশের সঙ্গে আছেন। অতএব সাইকেল অখিলেশেরই প্রাপ্য। মুলায়মের নেতৃত্বে যে অংশ আছে তা সমাজবাদী পার্টির উপদল মাত্র। তাদের এ প্রতীক দেওয়ার কোনো মানে নেই।
রাজনীতি বোধ হয় এমনই, যা বাবা-ছেলের মতো নিবিড়তম সম্পর্ককেও বিষিয়ে দেয়। অখিলেশ বারবার অবশ্য একটা কথা বলেছেন, নেতাজির (মুলায়ম সিং যাদব) প্রতি আমার সম্মান কোনো অবস্থাতেই কমবে না। বাবা-ছেলের সম্পর্ক একটুও চিড় ধরবে না।
তবে বাস্তবতা হলো এ সম্পর্ক অনেকটাই তিক্ত হয়ে গেছে। তবে আশার কথা, আজ সকালেই বাবা-ছেলে দুজন মিলে একান্ত বৈঠক করেছেন। দুই ঘণ্টার বৈঠকে কাউকে থাকতে দেওয়া হয়নি। ভারতের ইংরেজি টিভি চ্যানেল এনডিটিভির খবরে বলা হচ্ছে, বাবা ও ছেলের মধ্যে একটি রফা হয়ে গেছে।
তা যদি সত্যি হয় তবে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে ক্ষমতাসীনদের জন্য বড় সুখবর। আর সুখবর মানবিকতার জন্যও। রাজনীতির চেয়েও এ সম্পর্কগুলো যে অনেক দামি, মোহনীয়—সে সত্য প্রমাণিত হবে।