ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র হতাশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এ হতাশা প্রকাশ করে বলেছেন, তাঁদের আশা শিগগিরই ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ থাকা দ্বিপক্ষীয় আলোচনা ফের শুরু হবে।
জন কিরবি বলেছেন, ‘উফায় দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে খুবই গঠনমূলক আলোচনা হয়েছিল। আমরা খুবই উৎসাহী ছিলাম। বিশেষত যখন দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের দিনক্ষণ স্থির হয়েছিল।’ সেই বৈঠক ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ হলেও দ্রুত বরফ গলার আশা তাঁরা করছেন।
প্রশ্ন হচ্ছে কত দ্রুত এ আলোচনা আবার শুরু হতে পারে তা নিয়ে কোনো দেশ থেকেই ইতিবাচক ইঙ্গিত মিলছে না।
রাশিয়ার শহর উফায় দুই দেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে সমঝোতা হয়েছিল, সে অনুযায়ী দুই দেশের মধ্যে মোট তিন ধরনের আলোচনা হওয়ার কথা। একটি দুই দেশের জাতীয় নিরাপত্তা স্তরে, যেখানে আলোচ্য বিষয় সন্ত্রাস। দ্বিতীয়টি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মধ্যে। সেখানে আলোচ্য বিষয় সংঘর্ষ বিরতি। তৃতীয়টি দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসদের (ডিজিএমও) মধ্যে। এ বৈঠকের আলোচ্য বিষয় সীমান্ত-শান্তির জন্য পারস্পরিক আস্থা বাড়ানো। প্রথম বৈঠকটি ভেস্তে যাওয়ায় এখন প্রশ্ন অন্য দুই বৈঠক আদৌ হবে কি না, কিংবা হলে কবে। বিভিন্ন সূত্রের খবর, না হওয়া বৈঠক দুটির জন্য ভারতের পক্ষ থেকে দিন প্রস্তাব করে পাকিস্তানকে জানানো হয়েছে। ৯ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভারত বৈঠকে রাজি। ভারতের পক্ষে আলোচনার বিষয়সূচিও জানানো হয়েছে। তবে পাকিস্তান এখনো কিছুই জানায়নি।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন দেশটির নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজকে উদ্ধৃত করে বলেছে, ‘মোদির ভারত এমন হাবভাব করছে যেন তারা এই মুলুকের সুপারপাওয়ার। আমরা কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র। আমরা জানি কী করে নিজেদের রক্ষা করতে হয়।’ আজিজ আরও বলেছেন, ‘এ ঘটনার পর ভারতের এটা বোঝা উচিত যে তাদের পুরোনো কৌশল আর কাজে আসছে না। পাকিস্তানের সঙ্গে কথা বলতে গেলে তাদের আরও আন্তরিক হতে হবে।’
আজিজের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, পাকিস্তানের মনোভাবও এ মুহূর্তে যথেষ্ট কঠোর। আগামী মাসে জাতিসংঘের সম্মেলনে দুই প্রধানমন্ত্রী নিউইয়র্কে উপস্থিত থাকবেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফের মধ্যে এ আসরে কোনো কথা হয়নি। ওই বছরের জুলাইয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ভেস্তে যাওয়াই ছিল তার কারণ। এবারও হয়তো সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে।
তবে দুই প্রধানমন্ত্রীর দিক থেকেই অচলাবস্থা কাটানোর একটা চেষ্টা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর একটা কারণ দুই প্রধানমন্ত্রীরই ব্যবসায়িক মনোভাব এক। দুজনেই চান বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে। দ্বিতীয়ত, আগামী বছর পাকিস্তানে বসছে সার্ক শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ মোদি আগেই গ্রহণ করেছেন। নওয়াজ শরিফেরও একটা তাগিদ থাকবে মোদিকে দেশে এনে সম্মেলন সফল করার। কাজেই তার আগে সম্পর্ক স্বাভাবিক করার একটা তাগিদ দুই দেশেরই থাকবে। এটাই রুপালি রেখা।