বাঘ-সিংহ-হাতি দত্তক নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা থেকে বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে সব পশু বা প্রাণী দত্তক নেওয়া যাবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী অক্টোবর মাস থেকে এগুলো সাধারণ মানুষ দত্তক নিতে পারবে। তবে দত্তক নিতে গেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দিতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ।

আজ বুধবার স্থানীয় একটি পত্রিকায় এ খবর জানানো হয়।

ইতিমধ্যে সেই অথের্র পরিমাণের কথা ঘোষণা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে বাঘ, সিংহ ও হাতি দত্তক নিতে দিতে হবে দুই লাখ রুপি। জলহস্তী , গন্ডার, জিরাফ, জাগুয়ার এবং চিতাবাঘের জন্য দিতে হবে এক লাখ রুপি। জেব্রা, ক্যাঙারু, হায়না, এবং কচ্ছপের জন্য ৬০ হাজার; কুমির, শিম্পাঞ্জি, উট পাখি এবং ভালুকের জন্য ৪০ হাজার; বানর, হনুমান, বনবিড়াল, শিয়াল, প্যাঙ্গলিনের জন্য ২০ হাজার; সাপ, হরিণ, পাখি, ছোট কচ্ছপ ও কাঠবিড়ালির জন্য দিতে হবে ১০ হাজার রুপি।

এর আগে ২০১৩ সালে এই দত্তক নেওয়ার প্রকল্প চালু করার পর বেশ সাড়া মিলেছিল চিড়িয়াখানায়। তবে দত্তক নেওয়া মানে এসব পশুপাখিকে নিজেদের বাড়িতে বা নিজেদের হেফাজতে নিয়ে যাওয়া যাবে না। দত্তক নেওয়ার সময় যে অর্থ দেওয়া হবে তা সংশিষ্ট প্রাণীদের দেখভালের জন্য ব্যবহার করা যাবে। তবে দত্তক নেওয়া পশুপাখিদের আলাদা করে রাখা হবে এবং বোর্ডে দত্তক গ্রহীতার নাম লাগিয়ে রাখা হবে ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পশুপাখিদের প্রতি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্যসচিব বি আর শর্মা বলেছেন, কোন প্রাণীর কেমন খরচ বা ওই প্রাণীর বর্তমান বাজারদর কী ইত্যাদি বিবেচনা করে দত্তক নেওয়ার অর্থের পরিমাণ ঠিক করা হয়েছে ।