বাঘের পায়ে কৃত্রিম থাবা

শিকারিদের ফাঁদে পড়ে থাবা হারানো একটি বাঘের কৃত্রিম থাবা সংযোজন করতে যাচ্ছেন চিকিৎসকেরা। সিলিকন এই থাবা দেখতে স্বাভাবিক থাবার মতোই মনে হবে এবং তা খুলেও যাবে না। বাঘের ক্ষেত্রে এই প্রথমবার অঙ্গ সংযোজনের ঘটনা ঘটতে যাচ্ছে ভারতে।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়, পুরুষ বাঘটির থাবা সংযোজনের জন্য অস্ত্রোপচারে অংশ নেবেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের পশু ও মৎস্যবিজ্ঞান–বিষয়ক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ অর্থোপেডিক সার্জন ও প্রথম সারির প্রাণী চিকিৎসকেরা। আট বছর বয়সী বাঘটির নাম সাহেব রাও । ২০০ কেজি ওজনের বাঘটি এখন মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার গোরওয়াদা আশ্রয় কেন্দ্রে রয়েছে। রাজ্যের চন্দ্রপুর জেলায় বাঘের জন্য সংরক্ষিত এলাকা তাদোবা-আঁধারি টাইগার রিজার্ভের বাইরে ২০১২ সালে শিকারিদের পেতে রাখা ধাতব ফাঁদে পড়ে থাবা হারায় সাহেব রাও। তখন বাঘটির বয়স ছিল দুই বছর। ওই ফাঁদে পড়ে তার ভাই মারা যায়। সামনের দিকে বাঁ থাবায় জখমসহ উদ্ধার করা হয় বাঘটিকে। পরে ২০১২ সালের ডিসেম্বরে শহরের মহারাজবাগ চিড়িয়াখানায় তাকে স্থানান্তর করা হয় এবং গোরেয়াদায় আনা হয় ২০১৬ সালের ১ জুন।
সাহেব রাও দেশটির সবচেয়ে বড় বাঘ বলে দাবি করা হচ্ছে।
অর্থোপেডিক সার্জন ডা. সুশ্রুত বাভুলকার জানান, বিশ্বজুড়ে এ ধরনের কৃত্রিম অঙ্গ সংযোজন কুকুর ও হাতির ক্ষেত্রে হয়েছে। তবে বাঘের ক্ষেত্রে এটাই প্রথম। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান জার্মানির এও ফাউন্ডেশন থেকে কৃত্রিম থাবা কেনা হচ্ছে। তিনি বলেন, কৃত্রিম থাবাটি এমনভাবে নকশা করা হয়েছে যে এটা দেখতে প্রাকৃতিক মনে হবে এবং পশুরা এটা খুলে ফেলতে পারবে না। সংযোজনের পর এটায় কোনো ইনফেকশনও হবে না। স্বাভাবিকভাবে হেঁটে বেড়াতেও এটা আত্মবিশ্বাস জোগাবে।