ভারতের গোয়ায় আজ থেকে উঠতি অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অষ্টম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য। আগামীকাল রোববার প্রথম ব্রিকস-বিমসটেক সম্প্রসারিত শীর্ষ সম্মেলনও হবে গোয়ায়।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরই বসবাস এ দেশগুলোতে। বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-তৃতীয়াংশ এ দেশগুলোর অবদান। আর বিশ্ব বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশই চলে এ পাঁচ ব্রিকস দেশে।
সম্মেলনের আগের দিন গতকাল শুক্রবার আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেন, ‘ব্রিকস এবং পরে বিমসটেকের সম্প্রসারিত শীর্ষ সম্মেলনের (আউটরিচ সামিট) আয়োজন করতে পেরে ভারত গর্বিত। ব্রিকস-বিমসটেক পরিবারের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রতীক্ষা করছি আমি।’
মোদি আরও বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে। উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সংস্কারের বিষয়ে সহযোগিতা বাড়বে।’
দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) হলো বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার ও ভারতের এক আন্তরাষ্ট্রীয় জোট।
ব্রিকস শীর্ষ সম্মেলনের পর ব্রিকস ও বিমসটেকের নেতারা যৌথ বৈঠক করবেন।
রুশ-ভারত প্রতিরক্ষা চুক্তি
এবারের ব্রিকস বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ব আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চুক্তি করবে ভারত। দেশটি রাশিয়ার কাছ থেকে পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা কিনবে। এতে ব্যয় হবে ৫০০ কোটি মার্কিন ডলার। কয়েক শ কিলোমিটার দূর থেকে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এস-৪০০।