বাতিল নোট নিতে অস্বীকৃতি, বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার সরকারি পদক্ষেপের শিকার হয়েছেন মুম্বাইয়ের এক দম্পতি। ওই দুটি নোট পরিবর্তন করে দিতে না পারায় স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের অসুস্থ নবজাতক শিশুকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোয় শিশুটি মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মুম্বাইয়ের গোবান্দি এলাকার বাসিন্দা শিশুটির বাবা জগদীশ শর্মা বলেন, গত বুধবার তাঁরা শিশুটিকে নিয়ে মুম্বাইয়ের জীবন জোত হাসপাতাল অ্যান্ড নার্সিং হোমে যান। ওই হাসপাতালটিতে তাঁরা ছয় মাস ধরে নিয়মিত চেকআপ করিয়ে আসছিলেন। তাঁরা হাসপাতালের বিলের আংশিক ৫০০ ও ১০০০ হাজার রুপির নোটসহ ছয় হাজার রুপি জমা নেওয়ার জন্য অনুরোধ করেন। এই অনুরোধে কর্ণপাত করেনি ওই হাসপাতাল কর্তৃপক্ষ। তারা শিশুটিকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়ে ফিরিয়ে দেয়।
জগদীশ শর্মা বলেন, ‘সরকার হাসপাতালগুলোকে আগামী আরও কয়েক দিন ৫০০ ও ১০০০ রুপির নোট গ্রহণের নির্দেশ দিয়েছে জানিয়ে আমি তাদের বারবার অনুরোধ করি। তবে তারা আমার কথা শোনেনি।’ তিনি আরও বলেন, ওই হাসপাতাল থেকে চিকিৎসা-সংক্রান্ত নথি নিতে না পারায় শিশুটিকে তাঁরা অন্য হাসপাতালেও ভর্তি করতে পারেননি। পরের দিন বৃহস্পতিবার শিশুটি তীব্র জ্বরে আক্রান্ত হয়। ওই দিনই সে মারা যায়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেছে।
জগদীশ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা ওই হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দাখিল করছে।
গত মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দিন মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হয়ে যাবে বলে ঘোষণা দেন। জাল নোট ও কালো রুপি লেনদেন বন্ধ করার অংশ হিসেবে তিনি ওই ঘোষণা দেন।